BJP SAD Alliance: পঞ্জাব নির্বাচনে বিজেপির হাত ধরল NDA-র সবচেয়ে পুরনো শরিক অকালি দল, শাহ বললেন…
Amit Shah Announces BJP-Akali Dal Alliance: বিজেপির সঙ্গে নতুন করে জোট বাঁধাকে নিছক রাজনৈতিক সমঝোতা নয়, বরং একটি ‘আবেগের বন্ধন’ বলে বর্ণনা করেছেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। তাঁর কথায়, এই জোট পঞ্জাব, দেশ এবং শিখ সম্প্রদায়ের স্বার্থেই গড়ে উঠেছে।

নয়াদিল্লি: NDA-র সবচেয়ে পুরনো শরিক তারা। এবার ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে ভারতীয় জনতা পার্টি (BJP) এবং শিরোমণি অকালি দল (SAD)। যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে দুই দলের জোটের বিষয়টি নিশ্চিত করলেন তিনি।
২০২০ সালে করোনা মহামারির সময় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট ছেড়েছিল শিরোমণি অকালি দল। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে কৃষক আন্দোলনের আবহে এই সিদ্ধান্ত নিয়েছিল তারা। এদিন তারা বিজেপির হাত ধরার পর অমিত শাহ বলেন, “আমাদের সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে আজ তাঁর ঘরে একটি বৈঠক হয়েছে। সেখানে শিরোমণি অকালি দল এবং ভারতীয় জনতা পার্টির নেতারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি ও অকালি দল যৌথভাবে লড়াই করবে। আজ থেকেই এনডিএ-র আনুষ্ঠানিক শরিক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে অকালি দল।”
তিনি আরও বলেন, “এনডিএ-র সবচেয়ে পুরনো শরিক শিরোমণি অকালি দল ফের জোটে ফিরে আসছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। অকালি দলের সমস্ত সহকর্মী এবং সরদার সুখবীর সিং বাদলজিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। গতকাল এনডিএ-র সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছিল। প্রধানমন্ত্রীও সুখবীরজি এবং আমাদের সভাপতিকে ফোন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাদল সাহেবের দল ছাড়া এনডিএ অসম্পূর্ণ। আমার বিশ্বাস, পঞ্জাব-সহ গোটা দেশ এবং বিশ্বের কাছে এই জোট হিন্দু-শিখ ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠবে। দুই দল একসঙ্গে সেই লক্ষ্যে এগিয়ে যাবে।”
বিজেপি ও শিরোমণি অকালি দলের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন শাহ। তিনি জানান, অতীতে একাধিক নির্বাচনে একসঙ্গে লড়েছে দুই দল। কখনও জয় এসেছে, কখনও আবার পরাজয়ের মুখ দেখতে হয়েছে। বাদলের নেতৃত্বে যে জোট ছিল, তা ফের নতুন করে শুরু হচ্ছে বলে জানান তিনি। এই সিদ্ধান্তে খুশি বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ আরও বলেন, এনডিএ-র অংশ হিসেবে বিজেপি ও অকালি দল পঞ্জাবের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে যৌথ নির্বাচনী ইস্তাহার তৈরি করবে।
২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পঞ্জাবকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রতিশ্রুতি অমিত শাহের-
পঞ্জাবে মাদক পাচার ও মাদকাসক্তি নির্মূল করা, দুর্নীতির অবসান ঘটানো এবং রাজ্যে জাতীয়তাবাদী শক্তিকে আরও মজবুত করাকে জোটের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন অমিত শাহ। তাঁর প্রতিশ্রুতি, ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পঞ্জাবকে সম্পূর্ণ মাদকমুক্ত করা হবে।
শাহ জানান, গত তিন মাস ধরে পঞ্জাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং সুখবীর সিং বাদল। কৃষকদের সমস্যা, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এই আলোচনার ভিত্তিতেই একটি রূপরেখা তৈরি হয়েছে। পঞ্জাবে এনডিএ যে সরকার গড়ার লক্ষ্য নিয়েছে, সেই সরকারের কাজের দিশা ঠিক করবে এই রূপরেখা।
পরে হবে আসন সমঝোতা নিয়ে আলোচনা-
শিরোমণি অকালি দলের সঙ্গে জোটকে ‘স্বাভাবিক জোট’ বলে উল্লেখ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তবে কোন দল কতগুলি আসনে লড়বে, সেই আসন সমঝোতা নিয়ে পরে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। নীতিনের কথায়, পঞ্জাবের মানুষের স্বার্থে কাজ করাই এই জোটের লক্ষ্য। মাদকমুক্ত পঞ্জাব গড়ে তোলা, যুবকদের স্থানীয় স্তরে কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা এবং রাজ্যের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিজেপির সঙ্গে নতুন করে জোট বাঁধাকে নিছক রাজনৈতিক সমঝোতা নয়, বরং একটি ‘আবেগের বন্ধন’ বলে বর্ণনা করেছেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। তাঁর কথায়, এই জোট পঞ্জাব, দেশ এবং শিখ সম্প্রদায়ের স্বার্থেই গড়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছিল অকালি দল। বিজেপির ঝুলিতে এসেছিল মাত্র দু’টি আসন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও দুই দলের ফল আশানুরূপ হয়নি। অকালি দল পেয়েছিল মাত্র একটি লোকসভা আসন। অন্যদিকে, পঞ্জাবে একটিও আসনে জয় পায়নি বিজেপি।
