Jhargram News: এআই খুঁজে দিল পরিবার, দুই মাস পর কাছের মানুষের কাছে ফিরলেন ৭০-এর বৃদ্ধ
AI helps Missing Man to found family: তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার বাসিন্দা ওই বৃদ্ধের নাম ত্রিথান। জানা গিয়েছে, কয়েক দিন আগে ঝাড়গ্রাম শহরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই বৃদ্ধকে। তাঁর কথাবার্তা বুঝতে না পেরে স্থানীয়রা তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এরপরই শুরু হয় তাঁর পরিচয় জানার চেষ্টা। কিন্তু ভাষা সম্পূর্ণ অজানা হওয়ায় প্রথমদিকে বেশ সমস্যায় পড়তে হয় পুলিশকে।

ঝাড়গ্রাম: এআই (AI) যখন চাকরি নিয়ে আশঙ্কা তৈরি করছে, সেখানে এই এআই-এর সাহায্যে পরিবারকে খুঁজে পেলেন ৭০ বছরের বৃদ্ধ। তিরুপতি মন্দিরে (Tirupati Temple) পুজো দিতে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে প্রায় দু’মাস। পরিবারের লোকজন কার্যত আশাই ছেড়ে দিয়েছিলেন। অবশেষে এআই-এর (AI News) সাহায্যে ও পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া ৭০ বছরের বৃদ্ধকে পরিবারের হাতে ফিরিয়ে দিল ঝাড়গ্রাম পুলিশ।
তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার বাসিন্দা ওই বৃদ্ধের নাম ত্রিথান। জানা গিয়েছে, কয়েক দিন আগে ঝাড়গ্রাম শহরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই বৃদ্ধকে। তাঁর কথাবার্তা বুঝতে না পেরে স্থানীয়রা তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এরপরই শুরু হয় তাঁর পরিচয় জানার চেষ্টা। কিন্তু ভাষা সম্পূর্ণ অজানা হওয়ায় প্রথমদিকে বেশ সমস্যায় পড়তে হয় পুলিশকে।
কীভাবে সাহায্য করছে এআই?
সেই সময়ই কাজে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই। আধুনিক প্রযুক্তির সাহায্যে পুলিশ জানতে পারে, ওই বৃদ্ধ তামিল ভাষায় কথা বলেন। এরপর শুরু হয় তাঁর বাড়ির ঠিকানা খুঁজে বের করার চেষ্টা। ঝাড়গ্রাম থানা চেন্নাই পুলিশের ডিরেক্টরেট এবং তামিলনাড়ুর ভিল্লুপুরম থানার সঙ্গে যোগাযোগ করে।
দুই মাস পর ফিরলেন বৃদ্ধ
কিন্তু, ভাষার বাধা তখনও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত স্থানীয় এক দ্বিভাষী ব্যবসায়ীর সাহায্যে ভিডিয়ো কলের মাধ্যমে বৃদ্ধের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। দীর্ঘদিন ধরে নিখোঁজ পরিবারের লোককে ফিরে পাওয়ার খবরে আবেগে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কার্যত আশা ছেড়ে দেওয়া পরিবার যেন নতুন করে ফিরে পেল তাঁদের প্রিয়জনকে।খোঁজ পেতেই ঝাড়গ্রামে পৌঁছন পরিবারের সদস্যরা। ঝাড়গ্রাম পুলিশের সহযোগিতায় তাঁদের হাতে নিরাপদে তুলে দেওয়া হয় বৃদ্ধ ত্রিথানকে।
