Paschim Medinipur: ‘প্রথম ওরা আধার কার্ড দেখতে চায়’, বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের যুবককে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ
Belda: স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই আশপাশের এলাকা থেকেও ছুটে আসেন অনেকে। খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

বেলদা: বাংলাদেশি সন্দেহে এক যুবককে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগ ট্রেনেরই দুই সহযাত্রীর বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ রেলস্টেশন সংলগ্ন এলাকায়। মানারুল শেখ নামে আহত ওই যুবক জানাচ্ছেন, তাঁর বাড়ি আদপে। বেঙ্গালুরু থেকে দেশের বাড়িতেই ফিরছিলেন। আচমকা ট্রেনের মধ্যে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি তাঁর পরিচয় জানতে চান। তারপরেই প্যান কার্ড দেখতে চান। অভিযোগ, এরইমধ্যে আচমকা তাঁকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই আশপাশের এলাকা থেকেও ছুটে আসেন অনেকে। খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে চলে চিকিৎসা।
মানারুল শেখ বলছেন, “আমাকে দেখে ওরা ভেবেছে বাংলাদেশি। প্রথমে প্য়ান কার্ড দেখতে চায়। সেটা দেখাই। বলে প্যান কার্ড নাকি ভুল। বলেই আমাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয়। আমি বেঙ্গালুরু থেকে হাওড়ায় আসছিলাম। ওখান থেকে বাড়ি যেতাম। রাস্তাতেই এ ঘটনা ঘটে যায়। ওদের আচরণ দেখে তো মনে হল ওরা আমাকে প্রাণেই মারতে চেয়েছিল। আমার বুকে, হাতে, পায়ে সব জায়গাতেই লেগেছে।” পুুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এর নেপথ্যে রয়েছে তা জানার চেষ্টা চলছে। একইসঙ্গে কথা বলা হচ্ছে মানারুলের সঙ্গেও।
