Murshidabad: ব্রেকআপ বাবার পুজোয় আপত্তি তুলল বজরং দল! কেন প্রচলিত এই পুজো?
বজরং দলের জেলা সংযোজক প্রীতম দত্ত বলেন, "আমাকে আগে অনেকেই জানিয়েছিলেন, বহরমপুরের বেশ কিছু পুজো কমিটির নাম হাস্যকর। আমাকে পদক্ষেপ করতে বলেছিল। আমি প্রথমে সমাজমাধ্যম থেকে কিছু নাম পাই। অনেক পুজো আছে, নাম অনেক রকম।"

বহরমপুর: শহরের ঐতিহ্যবাহী ভৈরব পুজোর নামকরণ নিয়ে এবার বিতর্ক দানা বাঁধল মুর্শিদাবাদের বহরমপুরে। ‘ব্রেক আপ বাবা’, ‘বস বাবা’ কিংবা ‘গালি বাবা’র মতো অদ্ভুত ও আধুনিক নামগুলি নিয়ে তীব্র আপত্তি তুলেছে বজরং দল। অবিলম্বে শহরের এমন ১৬টি ভৈরব পুজোর নাম পরিবর্তনের দাবি জানিয়েছে তারা।
বহরমপুর শহরের অলিগলি ও বিভিন্ন পাড়ায় দীর্ঘকাল ধরেই নানা বৈচিত্র্যময় নামে ভৈরব ঠাকুরের আরাধনা হয়ে আসছে। কোথাও ‘নিম বাবা’, ‘জট বাবা’, আবার কোথাও ‘ডাব বাবা’, ‘বোল্ডার বাবা’, ‘কড়াই বাবা’, ‘তেঁতুল বাবা’, ‘ঝিঙে বাবা’ বা ‘ছাতা বাবা’ নামে পুজো হয়। তবে সাম্প্রতিককালে এই তালিকায় যুক্ত হয়েছে ‘প্রেম বাবা’, ‘ব্রেক আপ বাবা’, ‘বস বাবা’, ‘গালি বাবা’, ‘ইমার্জেন্সি বাবা’, ‘লরি বাবা’, ‘টোটো বাবা’ ও ‘মোবাইল বাবা’র মতো একাধিক নাম।
বজরং দলের দাবি, ‘নিম বাবা’ বা ‘জট বাবা’র মতো প্রথাগত ও ঐতিহ্যবাহী নামগুলিতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেবতার নামের সঙ্গে ‘ব্রেক আপ’, ‘গালি’ বা ‘বস’-এর মতো শব্দ জুড়ে দেওয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে।
এই বিষয়ে বজরং দলের বহরমপুর জেলা সংযোজক প্রীতম দত্ত সমাজমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) সরব হয়েছেন। তিনি ১৬টি ভৈরব পুজোর একটি তালিকা প্রকাশ করে সেগুলির নাম বদলের দাবি জানিয়েছেন। তাঁর দেওয়া তালিকায় রয়েছে— প্রেম বাবা, ব্রেক আপ বাবা, বস বাবা, ডাব বাবা, কড়াই বাবা, গালি বাবা, তেঁতুল বাবা, চট বাবা, সাঁকো বাবা, বোল্ডার বাবা, ইমার্জেন্সি বাবা, লরি বাবা, টোটো বাবা এবং মোবাইল বাবা-সহ আরও দুটি পুজো। পাশাপাশি, শহরের আর কোথাও এই ধরনের অদ্ভুত নামে ভৈরব পুজো হয়ে থাকলে তা বজরং দলকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
উৎসবের মরশুমে পুজোর নামকরণ ঘিরে বজরং দলের এই ফতোয়ায় ইতিমধ্যেই শহরের পুজো উদ্যোক্তা ও সাধারণ বাসিন্দাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে।
বজরং দলের জেলা সংযোজক প্রীতম দত্ত বলেন, “আমাকে আগে অনেকেই জানিয়েছিলেন, বহরমপুরের বেশ কিছু পুজো কমিটির নাম হাস্যকর। আমাকে পদক্ষেপ করতে বলেছিল। আমি প্রথমে সমাজমাধ্যম থেকে কিছু নাম পাই। অনেক পুজো আছে, নাম অনেক রকম। নীম বাবা, পাকুড় বাবা, এগুলো তো গাছের তলায় হয়, গাছের নাম অনুযায়ী হয়। একটা পুজো কমিটির নাম ব্রেক আপ বাবা, সাইলেন্সর বাবা- এগুলো কি কোনওভাবে মেনে নেওয়া যায়?”
