Shamsherganj Bike Rider Murder: ওভারটেক করার ‘অপরাধে’ বাইক চালককে পিটিয়ে খুনের অভিযোগ! সামশেরগঞ্জে ব্যাপক উত্তেজনা
Shamsherganj Bike Rider Murder Overtaking Dispute: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান-রতনপুর স্টেশন রোডের রেলগেটে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক ভিড় ছিল। সেই সময় একটি চারচাকা গাড়িটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক সেই মুহূর্তে আমিরুল শেখ নিজের বাইক নিয়ে গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করেন। তখনই ঘটে এই ঘটনা।

সামসেরগঞ্জ: সামান্য ওভারটেক করার ঘটনাকে কেন্দ্র করে বচসা, আর তার জেরেই এক বাইক চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক এক চারচাকার চালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার রতনপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম আমিরুল শেখ (৩০)। তিনি স্থানীয় রতনপুর গ্রামেরই বাসিন্দা ছিলেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান-রতনপুর স্টেশন রোডের রেলগেটে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক ভিড় ছিল। সেই সময় একটি চারচাকা গাড়িটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক সেই মুহূর্তে আমিরুল শেখ নিজের বাইক নিয়ে গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করেন। অভিযোগ, এই সামান্য বিষয়টিকে কেন্দ্র করেই চরম উত্তেজিত হয়ে পড়েন গাড়ির চালক। মেজাজ হারিয়ে আমিরুলকে বেধড়ক মারধর শুরু করেন। মারের চোটে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ওই বাইক চালক।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত, হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ততক্ষণে খবর চলে গিয়েছে পরিবারের সদস্যদের কাছে। শোনা মাত্রই তাঁরা ছুটেও আসেন। কিন্তু ততক্ষণে সব শেষ। খবর যায় পুলিশের কানেও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি পুরোদমে শুরু হয়েছে তদন্ত। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। এখনও খোঁজ মেলেনি চালকের। পুলিশ কথা বলছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। চলছে তল্লাশি।
