Nadia BJP candidate: ‘বুথ সভাপতিও হওয়ার যোগ্য নন’, প্রার্থী পছন্দ না হওয়ায় তুমুল বিক্ষোভ বিজেপির
নদিয়ার বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই প্রার্থী বদলের দাবিতে বারবার বিক্ষোভ আন্দোলন বিজেপি কর্মী সমর্থকদের। সোমবার বিজেপির দলীয় প্রার্থী হিসেবে প্রচারে বেরিয়ে জনসংযোগ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পলাশিপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অনিমা দত্ত। হাতে ফ্লেক্স,দলীয় ঝান্ডা নিয়ে গো ব্যাক স্লোগান দিলেন বিজেপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা।

পলাশীপাড়া: নদিয়ার পলাশীপাড়া বিধানসভায় বিজেপি প্রার্থীকেই পছন্দ নয় বিজেপি কর্মী সমর্থকদের। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মধ্যে বিজেপি প্রার্থী। বিপাকে পড়ে বিক্ষোভকারীদের দুষ্কৃতী বললেন প্রার্থী। এমনকী, তাঁকে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান। ঘটনাটি পলাশীপাড়া বিধানসভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা।
নদিয়ার বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই প্রার্থী বদলের দাবিতে বারবার বিক্ষোভ আন্দোলন বিজেপি কর্মী সমর্থকদের। সোমবার বিজেপির দলীয় প্রার্থী হিসেবে প্রচারে বেরিয়ে জনসংযোগ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পলাশিপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অনিমা দত্ত। হাতে ফ্লেক্স,দলীয় ঝান্ডা নিয়ে গো ব্যাক স্লোগান দিলেন বিজেপির বিক্ষুব্ধ নেতা কর্মীরা। তবে বিক্ষোভকারীরা তৃণমূলের দুষ্কৃতী বলে পাল্টা অভিযোগ করেন অনিমা দত্ত। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পলাশিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
অনিমা প্রথমে বলেন, “ওরা পাগল হয়ে গিয়েছেন। ওরা সব তৃণমূলের দুষ্কৃতী। তৃণমূল পাঠিয়েছে ওই সব দুষ্কৃতীদের এখানে। সারা পশ্চিমবঙ্গের মানুষ এখন আমাদের পাশে। পুরো পলাশিপাড়ায় জিতবে। সেই ভয়ে ওরা এমন করছে।” এ দিকে, বিক্ষুব্ধ এক বিজেপি নেতা বলেন, “এই অযোগ্য প্রার্থীকে মানতে পারছি না। জেলা সভাপতি টাকার বিনিময়ে এমন অযোগ্যকে প্রার্থী করেছেন বুথ সভাপতি হওয়ার যোগ্য নয়। সেই কারণ আমাদের অনেকেই পদত্যাগ করেছেন। ওঁকে কেউ মানতে চান না।” আর প্রার্থীর তৃণমূলের লোক বলা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তৃণমূলের লোক কি না তদন্ত করে দেখুন।“
