BJP in Bengal: ‘রান্না-বান্না সব বন্ধ, শুধু ঝালমুড়ি খাব’, বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ শুরু রানাঘাটে
Free Jhalmuri Distribution in Ranaghat after BJP Victory: এলাকার এক মহিলা স্মৃতিকণা বিশ্বাস বলছেন, “আজ আমাদের পাড়ায় রান্না-বান্না সব বন্ধ। সারাদিন আমরা ঝালমুড়ি খেয়ে থাকব। মোদী ঝালমুড়ি খেয়েছিল বলে দিদির ঝাল লেগেছিল। এখন দিদির ঝাল মেটানোর জন্য ওনার লোকজন সবাইকে নিয়ে আমরা এখন থেকে ঝালমুড়ি খাব আজ থেকে।

রানাঘাট: বাংলায় প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে জোরদার চাপানউতোর চলেছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। খোঁচা দিয়েছিল তৃণমূল। মোদী বলেছিলেন, তৃণমূলের ঝাল লেগেছে। আর ভোটের ফল বলছে ঝালমুড়ির ঝালে চোখে জল ঘাসফুল শিবিরের। কথা ছিল বিজেপির জয় সুনিশ্চিত হতেই হবে ঝালমুড়ি বিতরণ। এবার সেই ছবিই দেখা গেল রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা এলাকায়। উঠল জয় শ্রীরাম স্লোগান। উচ্ছ পদ্ম ব্রিগেডে।
ফ্রি-তেই দেওয়া হচ্ছে ঝালমুড়ি। রীতিমতো ক্যাম্পও করা হয়েছে। হাওয়াই চটি ঝুলিয়ে রেখে চলছে ঝালমুড়ি বিতরণ। বিজেপির কর্মী-সমর্থকদের দাবি, দীর্ঘদিন এই রাজ্যে তৃণমূলের অত্যাচারে বুকের জ্বালায় জ্বলছিলেন। তাই তারা ঠিক করেছেন আজ রান্না করবেন না, পরিবতে সারাদিন ঝাল মুড়ি খেয়েই কাটাবেন। এলাকার সকল স্তরের মানুষকে তারা আহ্বান করছেন বিনামূল্যে ঝালমুড়ি খেয়ে যাওয়ার জন্য।
এলাকার আর এক মহিলা স্মৃতিকণা বিশ্বাস বলছেন, “আজ আমাদের পাড়ায় রান্না-বান্না সব বন্ধ। সারাদিন আমরা ঝালমুড়ি খেয়ে থাকব। মোদী ঝালমুড়ি খেয়েছিল বলে দিদির ঝাল লেগেছিল। এখন দিদির ঝাল মেটানোর জন্য ওনার লোকজন সবাইকে নিয়ে আমরা এখন থেকে ঝালমুড়ি খাব আজ থেকে। এবার দেখার দিদির ঝাল কমে কিনা!”
এলাকার আর এক বাসিন্দা বলেন, “আমরা চটিকে বিসর্জন করব বলে চটি ঝুলিয়ে ঝালমুড়ি খাচ্ছি।” পাশ থেকে আর একজন বললেন, “ঝালমুড়ি খেতে খুবই ভাল। পুরো ফ্রি-তে দেওয়া হচ্ছে। বিজেপির পক্ষ থেকে সকলকে বলছি আপনারা আসুন ফ্রিতে ঝালমুড়ি খেয়ে যান। সকাল আমন্ত্রণ রইল।”
