AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranaghat Land Dispute: দীর্ঘ ৮ বছর পর TMC নেতার দখলে থাকা বাড়ি ফিরে পেলেন বিশাখা

Bengal Anti Encroachment Drive: রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিশাখা দাস দেবনাথের পরিবারের অভিযোগ, দীর্ঘ আট বছর আগে ক্ষমতার দাপট দেখিয়ে তাঁদের টিনের বসতবাড়ি ও জমি দখল করে নিয়েছিল স্থানীয় এক তৃণমূল নেতা।

Ranaghat Land Dispute: দীর্ঘ ৮ বছর পর TMC নেতার দখলে থাকা বাড়ি ফিরে পেলেন বিশাখা
বাড়ির মালিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2026 | 6:38 PM
Share

নদিয়া: রাজ্যে ক্ষমতার পরিবর্তন হতেই জেলায় জেলায় শুরু হয়েছে জবরদখল মুক্ত করার অভিযান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঙ্কারের পর এবার দীর্ঘ ৮ বছর ধরে তৃণমূল নেতার দখলে থাকা নিজের বসতবাড়ি ও জমি ফিরে পেলেন রানাঘাটের এক অসহায় পরিবার। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার যে সংস্কৃতি রাজ্যে তৈরি হয়েছিল, নতুন সরকার আসতেই তার অবসান ঘটতে শুরু করেছে। নদিয়ার রানাঘাট থানা এলাকার রামনগরের ঘটনা।

রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিশাখা দাস দেবনাথের পরিবারের অভিযোগ, দীর্ঘ আট বছর আগে ক্ষমতার দাপট দেখিয়ে তাঁদের টিনের বসতবাড়ি ও জমি দখল করে নিয়েছিল স্থানীয় এক তৃণমূল নেতা। বাড়ি ফিরে পেতে ওই পরিবার থানা, পুলিশ থেকে শুরু করে কোর্ট-কাছাড়ি— সব দরজাতেই কড়া নেড়েছিল।

 অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ওই তৃণমূল নেতা বাড়ি ছাড়েনি। উল্টে তাঁদের এমন হুমকি দেওয়া হতো যে, প্রাণভয়ে নিজেদের এলাকা ছেড়েই পালিয়ে বেড়াতে হতো ওই অসহায় পরিবারটিকে। বসতবাড়িটি দখল করে সেখানে তৃণমূলের একটি ক্লাব ঘর তৈরি করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সেখানে দীর্ঘদিন ধরে নানাবিধ অসামাজিক কাজ চালানো হতো। বাড়িটি দখলমুক্ত করার পর ভেতরে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে মদের বোতল, গ্লাসসহ একাধিক আপত্তিকর সামগ্রী।

রাজ্যে সরকার বদল হতেই ছবিটা রাতারাতি বদলে যায়। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন যে, সাধারণ মানুষের জমি বা সম্পত্তি দখল করে কোনো দাদাগিরি বরদাস্ত করা হবে না। এই কড়া বার্তার পরই নড়েচড়ে বসে প্রশাসন।

অবশেষে রানাঘাট থানার পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের উপস্থিতিতে দীর্ঘ আট বছর পর ওই বাড়ির চাবি প্রকৃত মালিকের হাতে তুলে দিতে বাধ্য হন সংশ্লিষ্ট তৃণমূল কর্মী।

এত বছর পর নিজের ভিটেমাটি ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন বাড়ির মালকিন বিশাখা দাস দেবনাথ। চোখের জল মুছতে মুছতে তিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, “সরকার না পাল্টালে কোনোদিন এই বাড়ি আমরা ফিরে পেতাম না। মুখ্যমন্ত্রীকে প্রণাম।”  এই ঘটনা প্রসঙ্গে রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ রাজ্যের সাধারণ মানুষ তাঁদের হৃত গৌরব ও সম্পত্তি ফিরে পাচ্ছেন। ক্ষমতার অপব্যবহার করে যারা এতদিন মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের দিন শেষ।”

Follow Us