Matia Canal Body Recovery: স্কুলের পাশ থেকে বয়ে গিয়েছে খাল, একাদশীর সকালে সেই খালে চোখ পড়তেই হাড়হিম সকলের
matia-dhanyakuria-canal-body-recovery: ধন্যাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পণ্ডিতজি কলোনি প্রাইমারি স্কুলের পাশ দিয়ে বয়ে চলা বিদ্যাধরী খালে এক ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জলে দেহ ভাসতে দেখে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মাটিয়া থানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

উত্তর ২৪ পরগনা: খাল থেকে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চিত্তরঞ্জন সরকার (৪৯)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার ধন্যাকুড়িয়ায়। জানা গিয়েছে, মৃত মাটিয়া থানারই বিবেকনগর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধন্যাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পণ্ডিতজি কলোনি প্রাইমারি স্কুলের পাশ দিয়ে বয়ে চলা বিদ্যাধরী খালে এক ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জলে দেহ ভাসতে দেখে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মাটিয়া থানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
এরপর ময়নাতদন্তের জন্য দেহটি বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কীভাবে চিত্তরঞ্জন সরকারের মৃত্যু হল কিংবা তাঁর দেহ কীভাবে খালে এল, তা নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে—সে বিষয়ে ধন্দ কাটেনি।
পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। পুলিশ আধিকারিকদের আশা, বসিরহাট জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই চিত্তরঞ্জনবাবুর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় বর্তমানে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
