Anganwadi Workers: ‘টাকা জরুরি, তবে এর আগে এত সম্মান ও স্বীকৃতি কখনও পাইনি’, মুখ্যমন্ত্রীর সভা থেকে বেরিয়েই আপ্লুত অঙ্গনওয়াড়ি কর্মীরা
Anganwadi Workers Salary Hike: একলপ্তে ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের, তবে টাকা বাড়ার চেয়েও তাঁদের কাছে আসল বড় কথা হল কাজের সঠিক মূল্যায়ন ও আত্মসম্মান ফিরে পাওয়া। দীর্ঘকাল ধরে তাঁদের কাজের কথা ও আর্থিক সুরক্ষার কথা তেমনভাবে কেউ ভাবেনি বলেই আক্ষেপ প্রকাশ করেন অনেকে।

উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রীকে একেবারে কাছ থেকে দেখলেন, এটাই তাঁদের কাছে অনেক বড়! মুখ্যমন্ত্রী তাঁদের নিয়ে কথা বললেন, এটাই তাঁদের সবথেকে বড় পাওয়া। ওঁরা ঝড়-জল-বৃষ্টিতে কাজ করেন, যে কোনও জরুরি পরিস্থিতিতে সরকারি কর্মীদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে থাকেন, কিন্তু এতদিন তাঁদের বেতন ছিল খুবই সামান্য। পালাবদলের পর সরকার তাঁদের বেতন বাড়িয়েছে। আরও বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পানিহাটিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান প্রদর্শন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কথা শুনে আবেগাপ্লুত অঙ্গনওয়াড়ি কর্মীরা।
মুখ্যমন্ত্রীর সভা থেকে বেরিয়ে উল্লাস ও আনন্দের ভেলায় ভাসলেন পানিহাটি পুরসভার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতা নিতিন নবীন এবং শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত হতে পেরে নিজেদের অভিভূত বলে প্রকাশ করেন তাঁরা।
সভা শেষে বাইরে এসে আবেগাপ্লুত অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান, “কাজের জগতে এর আগে কখনও তাঁরা এমন সম্মান ও স্বীকৃতি পাইনি।” ডেকে এনে এভাবে সম্মান জানানো তাঁদের কাছে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। একলপ্তে ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের, তবে টাকা বাড়ার চেয়েও তাঁদের কাছে আসল বড় কথা হল কাজের সঠিক মূল্যায়ন ও আত্মসম্মান ফিরে পাওয়া। দীর্ঘকাল ধরে তাঁদের কাজের কথা ও আর্থিক সুরক্ষার কথা তেমনভাবে কেউ ভাবেনি বলেই আক্ষেপ প্রকাশ করেন অনেকে।
কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও মহিলাদের সার্বিক কল্যাণ, সুরক্ষা এবং বিকাশ নিয়ে দলের নানা চিন্তাভাবনা ও রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরেন। সমাজের প্রতিটি স্তরের নারীদের ক্ষমতায়ন এবং তাঁদের মর্যাদা সুনিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অবশেষে এভাবে যোগ্য মর্যাদা ও কাজের স্বীকৃতি পেয়ে পানিহাটির অঙ্গনওয়াড়ি কর্মীরা গভীর সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে স্থায়ী ভবন-সহ একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। রাজ্যের সমস্ত আইসিডিএস (ICDS) কেন্দ্রে এ বার থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূয়সী প্রশংসা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন মন্তব্য করেন, শিশু শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী এই কর্মীরাই মূলত দেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন। ত অগস্ট মাসেই অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসে অতিরিক্ত ৫,০০০ টাকা বর্ধিত বেতন কার্যকর করা হয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী ‘দিদি’-দের ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্যবীমা যোজনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার দরুন দেশের প্রায় ৩৮টি নামী সরকারি ও বেসরকারি হাসপাতালে বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার সুযোগ পাবেন তাঁরা।
