Baduria MLA: ‘ভুল করেছি, ভুল করেছি… অপরাধী নই’, প্রকাশ্য়ে ক্ষমা চাইলেন তৃণমূল ছেড়ে যাওয়া বিধায়ক
Congress Candidate: এবারের বিধানসভা ভোটে ৭৪ জন বিদায়ী বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। সেই তালিকাতেই ছিলেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক আব্দুরও। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে গিয়ে যোগ দেন কংগ্রেসে। তিনি হঠাৎ ক্ষমা চাইলেন প্রকাশ্যে।

বাদুড়িয়া: ভোটের আগেই দল ছেড়েছেন বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। কংগ্রেসের টিকিটে এবার ভোটে লড়ছেন তিনি। তৃণমূলের দাবি, ২৬-এ টিকিট না পাওয়ায় কাজী আব্দুর রহিম তৃণমূল ছেড়েছেন। এমনকী পাঁচ বছরে বিধায়ক কোনও কাজ করেননি বলেও দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবার সেই নেতাই ক্ষমা চাইলেন প্রকাশ্য় সভায়।
কী বললেন বিধায়ক?
খাতায়-কলমে এখনও তিনি তৃণমূলের বিধায়ক। ভোটের আগে কংগ্রেস প্রার্থী হিসেবে পুরোদমে প্রচার করছেন। সেই আব্দুর রহিম বৃহস্পতিবার প্রকাশ্য সভা থেকে বললেন, “আমাকে ভুল বুঝবেন না। সত্যি আমি ভুল করেছি। সেদিন তৃণমূল কংগ্রেস আমাকে ব্যবহার করার জন্য নিয়ে গিয়েছিল এটা বুঝতে পারিনি। আমার ভুল হয়েছে, ভুল শুধরে নিয়েছি। মানুষ একবার ভুল করলে অপরাধ হয়না। আমি অপরাধী নই, ভুল করেছি।” তিনি আরও বলেন, “একটা সরকারের ক্ষমতায় এসে আমি কিছু করতে পারিনি। আমাকে ক্ষমা করবেন।”
পরে কাজী আব্দুর রহিম তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “আমি ৫৭ হাজার ভোটে জিতেছিলাম। আমি বাদুড়িয়া মানুষের জন্য কিছু করতে পারিনি। তৃণমূলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। যাওয়াটা নিশ্চিত আমার ভুল হয়েছিল। তৃণমূলে যোগ দেওয়াটা আমার ভুল হয়েছিল। তাই ক্ষমা চাইলাম।”
শুরু রাজনৈতিক তরজা
কাজী আব্দুর রহিমের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল, বিজেপি থেকে শুরু করে বামেরাও। বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুকৃতি কুমার সরকার বলেন, “তৃণমূল মানুষকে ব্যবহারই করে। ওঁর শুভবুদ্ধির উদয় হয়েছে। তৃণমূলের সঙ্গে ভালো মানুষ বেশিদিন থাকতে পারে না। বিজেপি একমাত্র মানুষকে সম্মান দিতে জানে।”
অন্যদিকে বাদুড়িয়া উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারেশ রায় বলেন, কাজী আব্দুর রহিম আজকের দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক আছেন। তিনি বিধায়ক হিসেবে পদত্যাগ করেননি। তিনি প্রচারে যাচ্ছেন, “লোকজন না পেয়ে হতাশা থেকে এইসব বলছেন। বিধায়ক থাকাকালীন পাঁচ বছর মানুষের জন্য কিছু করতে পারেননি, বর্তমান তৃণমূল প্রার্থী লক্ষাধিক ভোটের জিতবেন, তাই তিনি এই সমস্ত কথা বলছেন।”
টিকিট না পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দল ছাড়েন
এবারের বিধানসভা ভোটে ৭৪ জন বিদায়ী বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। সেই তালিকাতেই ছিলেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক আব্দুরও। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে গিয়ে যোগ দেন কংগ্রেসে। আব্দুরের জায়গায় এবার বাদুড়িয়া থেকে তৃণমূল প্রার্থী করেছে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বুরহানউল মুকাদ্দিন (লিটন)-কে।
