Harowa: চিকিৎসার নামে আদিবাসী নাবালিকাকে ‘যৌন নির্যাতন’! হাড়োয়ায় গ্রেফতার ভন্ড ওঝা
Harowa Arrest: অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য ওই আয়ুর্বেদিক চিকিৎসক তথা ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন তার মা। অভিযোগ, 'ঝাড়ফুঁক'-এর নামে ঘরের ভেতর নাবালিকার পোশাক খুলিয়ে তার ওপর মারাত্মক যৌন নির্যাতন চালায় অভিযুক্ত।

হাড়োয়া: চিকিৎসার অজুহাতে ১৫ বছরের এক আদিবাসী নাবালিকাকে যৌন নির্যাতনের তীব্র অভিযোগ উঠল এক ভন্ড ওঝার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়। নির্যাতিতা নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য ওই আয়ুর্বেদিক চিকিৎসক তথা ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন তার মা। অভিযোগ, ‘ঝাড়ফুঁক’-এর নামে ঘরের ভেতর নাবালিকার পোশাক খুলিয়ে তার ওপর মারাত্মক যৌন নির্যাতন চালায় অভিযুক্ত।
ঘটনার পর বাড়ি ফিরে নাবালিকা তার মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলে। এরপরই হাড়োয়া থানায় পৌঁছে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা।
অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পকসো (POCSO) আইনসহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
