WB Buses Colour: এবার বাংলায় বাসের নিত্য যাত্রীদের বড় ঘোষণা
West Bengal Saffron Government Buses: পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই রঙের পরিবর্তনের সপক্ষে কড়া যুক্তি দিয়েছেন। তাঁর সাফ জবাব, "বাম আমলের লাল রং ছিল ভয় এবং সন্ত্রাসের প্রতীক। আর তৃণমূল আমলের নীল-সাদা মানেই ছিল দুর্নীতি ও চুরি। কিন্তু বিজেপির এই গেরুয়া রং হলো ত্যাগ এবং সততার প্রতীক।"

উত্তর ২৪ পরগনা: রং-বদল নিয়ে চর্চা বঙ্গ রাজনীতিতে। এবার তাতে জুড়ল বাসও। বাম আমলে সরকারি বাসের চেনা রং ছিল লাল। তৃণমূল জামানায় তা বদলে হয় নীল-সাদা। আর রাজ্যে বর্তমান বিজেপি সরকারের আমলে এবার রাস্তায় নামতে চলেছে গেরুয়া রঙের সরকারি বাস। এই রঙের বদল ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই রঙের পরিবর্তনের সপক্ষে কড়া যুক্তি দিয়েছেন। তাঁর সাফ জবাব, “বাম আমলের লাল রং ছিল ভয় এবং সন্ত্রাসের প্রতীক। আর তৃণমূল আমলের নীল-সাদা মানেই ছিল দুর্নীতি ও চুরি। কিন্তু বিজেপির এই গেরুয়া রং হলো ত্যাগ এবং সততার প্রতীক।”
মন্ত্রী আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কলকাতায় নামা সমস্ত নতুন বাসই এখন থেকে গেরুয়া রঙের হবে। এমনকি আগামী দিনে ট্রামের রং-ও গেরুয়া হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
অন্যদিকে, এই রং-রাজনীতিকে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম (CPIM) রাজ্য কমিটির সদস্যা তথা বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান যে তাঁরা এই সস্তা রঙের রাজনীতিতে বিশ্বাসী নন। তাঁর মতে, “শুধু রং বদলে সাধারণ মানুষের কোনও লাভ হবে না। পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের বাস পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছিল, তাই নতুন সরকারের উচিত রং নিয়ে মাতামাতি না করে পরিষেবার মানোন্নয়নে জোর দেওয়া।”
আমজনতার অবশ্য রঙের এই লড়াই নিয়ে কোনো মাথাব্যথা নেই। তাঁদের দাবি, রং যাই হোক না কেন, পরিবহন ব্যবস্থা যেন উন্নত হয়। মহিলাদের জন্য বাসে বিশেষ ছাড়ের সিদ্ধান্তকে সাধারণ মানুষ স্বাগত জানালেও, তাঁদের মূল দাবি—আগের সরকারের তুলনায় এই সরকার যেন আরও ভালো, নিয়মিত এবং উন্নত বাস পরিষেবা প্রদান করে।
