Nadia News: এই গুণধরের কীর্তি জানলে চমকে উঠবেন
West Bengal: পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন নাকাশিপাড়া থানার হরিদ্রাপোতা গ্রামের বাসিন্দা ফকির শেখ এবং সুখসাগর গ্রামের বাসিন্দা ওমর আলি মল্লিক। তদন্তে পুলিশের হাতে উঠে এসেছে, প্রতারণার মাধ্যমে নেওয়া বেশ কয়েক লক্ষ টাকা।

নদিয়া: চাকরি দেওয়ার নামে লক্ষ-লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। নদিয়ার (Nadia) ধুবুলিয়া থানার পুলিশের হাতে গ্রেফতার দুই ব্যক্তি। অভিযোগ, কলকাতায় অফিস খুলে সিকিউরিটি গার্ড, মেট্রোরেল-সহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন নাকাশিপাড়া থানার হরিদ্রাপোতা গ্রামের বাসিন্দা ফকির শেখ এবং সুখসাগর গ্রামের বাসিন্দা ওমর আলি মল্লিক। তদন্তে পুলিশের হাতে উঠে এসেছে, প্রতারণার মাধ্যমে নেওয়া বেশ কয়েক লক্ষ টাকা। এছাড়াও ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল টাকা। তদন্তে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ধুবুলিয়া থানার পুলিশ ও নাকাশিপাড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছে।
অপরদিকে, ধৃতদের আজ কৃষ্ণনগর দায়রা আদালতে পেশ করা হবে। মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানাবে। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, টাকা লেনদেনের পুরো চক্র এবং কলকাতায় খোলা কথিত অফিসের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
