Durgapur: ‘৫০০ টাকা পারব না, ৩০০ টাকা নিন’, ছটের চাঁদার জন্য এই কাণ্ড! তছনছ করে দেওয়া হল দোকান
Chhatpuja: অভিযোগ উঠেছে, কমিটির সদস্যরা মনীশ মোদী ও তাঁর তিন ভাইকে মারধর করেন। এমনকী পরিবারের মহিলারাও এই ঘটনায় সামিল হয় বলে অভিযোগ। পাল্টা ক্ষুব্ধ জনতা একটি দোকানে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনায় কমিটির সদস্য সুরজ বারনয়াল মাথায় আঘাত পান। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খ

দুর্গাপুর: ছটপুজোর ঘাটে চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে চরম উত্তেজনা। দুর্গাপুরের লিঙ্ক পার্ক এলাকার ঘটনা। দোকানে ঢুকে রীতিমতো ভাঙচুর চালানো হচ্ছে, সামনে এল এমনই ছবি। যা চাওয়া হয়েছিল, তার থেকে ২০০ টাকা কম চাঁদা দিতে চেয়েছিলেন ওই ব্যবসায়ী। এরপরই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ।
অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করা হলেও, ওই ব্যক্তি ৩০০ টাকা দিতে রাজি হন। তাতেই শুরু হয় বচসা। অভিযোগ, সেই বচসা থেকেই শুরু হয় মারধর। পরে একটি দোকানে ঢুকে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছটপুজো ঘাটে কুপন বিলি করে চাঁদা সংগ্রহ করছিলেন কমিটির সদস্য দীনেশ বারনওয়াল, মুকেশ সিং, সুরজ বারন ওয়াল সহ অন্যান্যরা।
অভিযোগ, প্রতিটি ডালার জন্য ৫০০ টাকা করে দাবি করা হচ্ছিল। সেই সময় মনীশ মোদী নামে এক ব্যক্তি ৫০০ টাকা না দিয়ে ৩০০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। এই নিয়েই কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে গড়ায়।
অভিযোগ উঠেছে, কমিটির সদস্যরা মনীশ মোদী ও তাঁর তিন ভাইকে মারধর করেন। এমনকী পরিবারের মহিলারাও এই ঘটনায় সামিল হয় বলে অভিযোগ। পাল্টা ক্ষুব্ধ জনতা একটি দোকানে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনায় কমিটির সদস্য সুরজ বারনয়াল মাথায় আঘাত পান। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ আশিস কুমার মোদীকে গ্রেফতার করে। আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
