AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NZ vs IND: আবার লজ্জার হার! ২য় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে নাকানিচোবানি ভারতের

FIFA Friendlies: নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় ৮৩ নং স্থানে, যেখানে ভারতের স্থান ১৩৮-এ। যদিও, শেষ ৫টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের ফল, ১ ড্র (বনাম পানামা) ও ৪ হার, যার মধ্যে রয়েছে ব্রাজিলের বিরুদ্ধে ৪-০, উরুগুয়ের বিরুদ্ধে ৬-১, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫-০ ও আজ ৩-০। তাই দিন শেষে অভিজ্ঞতা ছাড়া আর কিছুই অর্জন হচ্ছে না ভারতের।

NZ vs IND: আবার লজ্জার হার! ২য় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে নাকানিচোবানি ভারতের
লিস্টন কোলাসোImage Credit: Getty Images
| Updated on: Nov 15, 2026 | 1:02 PM
Share

নিউজিল্যান্ড – ৩ (ফিন সারম্যান, জেমস ম্যাকগ্যারি, ক্রিস উড) : ভারত – ০

ক্রাইস্টচার্চ: ক্রিকেট হোক বা ফুটবল, জোড়া খেলাতেই নিউজিল্যান্ডের কাছে টানা নাকানিচোবানি খাচ্ছে ভারত। প্রথম ম্যাচে ৫ গোল খেয়ে হেরেছিল ভারত। এবার দ্বিতীয় ম্যাচেও একাধিক গোল হজম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক ৩-০ হার দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করল ভারতীয় ফুটবল দল। দলের প্রধান কোচ হিসেবে ড্যারেন বেজলির শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তাঁর দলের ছেলেরা।

প্রথমার্ধেই ৩ গোল খেয়ে যায় ভারত। কিউয়িদের হয়ে গোল করেন ফিন সারম্যান, জেমস ম্যাকগ্যারি ও অধিনায়ক ক্রিস উড। ইতিমধ্যেই ভারতের স্ট্র্যাটেজি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সমাজমাধ্যমে। রক্ষণ হোক বা আক্রমণ – দুই বিভাগে নাস্তানাবুদ হতে হয়েছে ভারতকে। আজ দুই লেফট ব্যাক জয় গুপ্তা ও আকাশ মিশ্র সেন্টার ব্যাক হিসেবে খেলেন। লেফট ব্যাক হিসেবে মাঠে ছিলেন নাওরেম রোশন সিং। মাঝমাঠে ছিলেন উইঙ্গার আশিক কুরুনিয়ান। অন্যদিকে একমাত্র স্ট্রাইকার হিসেবে ছিলেন মণবীর সিং।

ম্যাচের প্রথম থেকেই নিউজিল্যান্ডের একাধিক আক্রমণ ভারত প্রতিহত করলেও ২২ মিনিটের মাথায় ঘটে ছন্দপতন। কর্নার থেকে বল ভাসান নিউজিল্যান্ডের ম্যাক্কাওয়াট। গোলপোস্ট থেকে ভুল করে বেরিয়ে আসেন ভারতীয় গোলকিপার বিশাল কাইথ। ফলে কার্যত ফাঁকা গোলে হেড দিয়ে গোল করে যান ফিন সারম্যান। ৪০ মিনিটের মাথায় আবার গোল পায় নিউজিল্যান্ড। বাঁ দিক থেকে ওঠা আক্রমণে বল পেয়ে দুরন্ত গোল করে যান ম্যাকগ্যারি। ৪৪ মিনিটের মাথায় গোল করেন অধিনায়ক ক্রিস উড। প্রথমার্ধে ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কোনও উপায়ও ছিল না।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩টি পরিবর্তন করেন খালিদ। গোলকিপার বিশাল কাইথকে বসিয়ে হৃত্বিক তিওয়ারিকে নামান খালিদ। একই সঙ্গে রক্ষণে নামেন পরমবীর ও বিজয় ভার্গিস। যদিও দ্বিতীয়ার্ধেও একাধিকবার আক্রমণ করে নিউজিল্যান্ড। কিন্তু হৃত্বিকের দক্ষতায় গোল হয়নি আর। যদিও বা, ভারতের বেশ কিছু শটও আটকে দেয় নিউজিল্যান্ড। ম্যাচের শেষ দিকে একটি গোললাইন সেভ দেন বিজয় ভার্গিস, নাহলে ৪-০ গোলে হারতে হত ভারতকে। শেষ অবধি ৩-০ জয় নিয়েই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের অধিনায়ক ক্রিস উড খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টে। তিনি নিউজিল্যান্ডের জাতীয় দলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় ৮৩ নং স্থানে, যেখানে ভারতের স্থান ১৩৮-এ। যদিও, শেষ ৫টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের ফল, ১ ড্র (বনাম পানামা) ও ৪ হার, যার মধ্যে রয়েছে ব্রাজিলের বিরুদ্ধে ৪-০, উরুগুয়ের বিরুদ্ধে ৬-১, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫-০ ও আজ ৩-০। তাই দিন শেষে অভিজ্ঞতা ছাড়া আর কিছুই অর্জন হচ্ছে না ভারতের।

Follow Us