Durgapur: চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার
Durgapur: সোমবার সকালে হাসপাতালে তরফ থেকে পরিবারকে জানানো হয় নিরঞ্জনের মৃত্যু হয়েছে। এরপরেই চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনরা। হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে চলে তুমুল বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও বচসা হয় তাঁদের।

দুর্গাপুর: চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগে ঘিরে তুলকালাম দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল। মৃত যুবক নিরঞ্জন দেওয়াসি (৩২) কাঁকসার গাংবিল এলাকার বাসিন্দা। দুর্গাপুরের অঙ্গতপুরে একটি বেসরকারি ইস্পাত কারখানায় ঠিকাশ্রমিক ছিলেন তিনি। কারখানায় কাজে গিয়ে বুকে ব্যথা হয়। দুর্গাপুরের ইএসআই হাসপাতালে প্রথমে তাকে ভর্তি করা হলে চিকিৎসকরা রবিবার রাতে তাঁকে বেসরকারি সপাতালে স্থানান্তরিত করেন।
সোমবার সকালে হাসপাতালে তরফ থেকে পরিবারকে জানানো হয় নিরঞ্জনের মৃত্যু হয়েছে। এরপরেই চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজনরা। হাসপাতালের মূল প্রবেশদ্বার বন্ধ করে চলে তুমুল বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও বচসা হয় তাঁদের। পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তাঁরা।
মৃত যুবকের পরিজনদের অভিযোগ রাতে বুকে ব্যথা হওয়ায় কারখানা থেকেই নিরঞ্জনকে ভর্তি করা হয়েছিল ইএসআই হাসপাতালে। সেখান থেকেই স্থানান্তরিত করা হয়েছিল এই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে । পরিবারের লোকজনকে নিরঞ্জনকে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে কিছু সময়ের জন্য দেখতে দেওয়া হয়েছিল। পরিবার লোকজন নিরঞ্জনকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলেছিল বলে দাবি। অভিযোগ সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সুস্থ হয়ে যাবে নিরঞ্জন। সকালে জোর করে পরিবারের কয়েকজন হাসপাতালে নিরঞ্জনকে দেখতে যায়।
অভিযোগ, সেই সময় তাঁর মুখ দিয়ে রক্ত বেরচ্ছিল, আর হাত পা বাঁধা অবস্থায় ছিল। এরপরই নিরঞ্জনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এই মৃত্যু চিকিৎসার গাফিলতিতে হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

