NCW: নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে মহিলাকে ধর্ষণের অভিযোগ নিয়ে পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের
NCW: এই অভিযোগ নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে আক্রমণ করে এক্স হ্যান্ডলে লেখেন, "এতদিন তৃণমূলের নেতাদের চুরি, ডাকাতি, কাটমানি নিতে দেখেছেন। এখন তৃণমূলের নেতারা তাদের দলীয় কার্যালয়ে মহিলাদের ডেকে এনে ধর্ষণ করছে।"

কলকাতা: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে মহিলাকে ধর্ষণের অভিযোগ। রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এবার পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন (NCW)। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিল। বিষয়টি উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।
‘বিজেপি করি না’ এই মুচলেকা তৃণমূলের পার্টি অফিসে জমা দিতে গিয়ে রবিবার ধর্ষণের শিকার হন বলে দাবি নির্যাতিতা মহিলার। মহিলার স্বামীর দাবি, এক সময় তাঁর স্ত্রী বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু তিনি আর এখন বিজেপি করেন না। সেই কথা লিখিতভাবে জানানোর নির্দেশ দিয়েছিলেন স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি। সেই মতো মুচলেকা নিয়ে শাসকদলের পার্টি অফিসে যান মহিলা। পরিবারের অভিযোগ, তখনই তাঁকে শারীরিক নির্যাতন করা হয়। তবে বিজেপি-র দাবি, মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এরপরই নির্যাতিতাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
এই অভিযোগ নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে আক্রমণ করে এক্স হ্যান্ডলে লেখেন, “এতদিন তৃণমূলের নেতাদের চুরি, ডাকাতি, কাটমানি নিতে দেখেছেন। এখন তৃণমূলের নেতারা তাদের দলীয় কার্যালয়ে মহিলাদের ডেকে এনে ধর্ষণ করছে।” দুই অভিযুক্ত নেতার গ্রেফতারির দাবি জানান শুভেন্দু।
অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এক্স হ্যান্ডলে জানান, পশ্চিম মেদিনীপুরের একটি পার্টি অফিসে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্চনা মজুমদার জানান, নির্যাতিতা যাতে বিচার পান, তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছেন তাঁরা।
এই অভিযোগ নিয়ে মেদিনীপুরের তৃণমূল বিধায়ক সুমন হাজরা বলেন, “অঞ্চল সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তাতে যদি সত্যতা থাকে অবশ্যই দল ব্যবস্থা নেবে।”

