PM Modi Messages For Bengal Women: নিজের জন্মদিনে বাংলার মা-বোনেদের জন্য আলাদা করে বড় বার্তা মোদীর
PM Modi Birthday: বিশ্বকর্মা পুজোর শুভ লগ্নে বাংলার মহিলাদের আলাদা করে শুভেচ্ছা জানান তিনি। কারণ আজই বাংলার দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির ৩ হাজার টাকা। মোদী বলেন, "আজ অন্নপূর্ণা যোজনায় বাংলার মহিলাদের মধ্যে নয়া সামর্থ্য, নয়া শক্তি জুগিয়েছে।"

নয়া দিল্লি: ৭৭-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের জন্মদিনে বাংলার মহিলাদের উদ্দেশে বড় বার্তা মোদীর। কীভাবে বাংলার মহিলারা তাঁকে ভরসা জুগিয়েছেন, কীভাবে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছেন, সবটা ব্যক্ত করলেন তিনি। এদিনই বাংলায় পালিত হচ্ছে অন্নপূর্ণা যোজনা দিবস। বাংলায় চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা দিবস।
প্রধানমন্ত্রী মোদী বললেন, “আজ আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত। বাংলার মা-বোনেরা সবসময়ই আমাকে ভালোবাসা -স্নেহ উজাড় করে দিয়েছেন। ওঁদের আত্মীয়তা বোধ আমাকে সর্বদাই শক্তি জুগিয়েছে। আমার শক্তি, আপনাদের ভরসা।” তিনি এও বলেন, “৪-মের পরিবর্তনে সবথেকে বড়ে ভূমিকা বাংলার মা-বোনেদের।”
বিশ্বকর্মা পুজোর শুভ লগ্নে বাংলার মহিলাদের আলাদা করে শুভেচ্ছা জানান তিনি। কারণ আজই বাংলার দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির ৩ হাজার টাকা। মোদী বলেন, “আজ অন্নপূর্ণা যোজনায় বাংলার মহিলাদের মধ্যে নয়া সামর্থ্য, নয়া শক্তি জুগিয়েছে।” সংসারে একজন মহিলার গুরুত্ব বোঝাতে বলেন, “প্রত্যেক বাড়ির মহিলাদের কাঁধে অনেক দায়িত্ব থাকে। নিজেদের সবটা দিয়ে পরিবারের দেখভাল করেন। জরুরি খরচা করার চিন্তা যখন তাঁদের কম থাকে, তখন তাঁদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তাই এই অন্নপূর্ণা যোজনা।” তিনি বলেন, “বিজেপি সরকারের কাজের একটাই মূল মন্ত্র, কথা কম, কাজ বেশি।”
উল্লেখ্য, এদিনই বাংলায় চালু হল পিএম বিশ্বকর্মা যোজনা চালু করা হল। এর মাধ্যমে রাজ্যের প্রায় ২ লক্ষ ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়া যায়, যার সুদের হার মাত্র ৫ শতাংশ।
