PM Narendra Modi : কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলাকে বঞ্চিত করার নেপথ্যে তৃণমূলই, ফের বঙ্গবাসীকে মনে করালেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi : কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন,"নির্মম সরকার বাংলার উন্নয়নে ব্রেক কষে রেখেছে। কেন্দ্রের সূর্যঘর প্রকল্প চালু করতে দিচ্ছে না। তৃণমূল চায় না বাংলার মানুষের বিদ্যুৎ বিল শূন্য হোক। চা শ্রমিকরাও প্রকল্পের সুবিধা পাচ্ছে না।" তাঁর বক্তব্যে উঠে আসে জলজীবন প্রকল্পের কথা। মোদীর দাবি, জলজীবন প্রকল্পের সুবিধা পাচ্ছে দেশবাসী। প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছে গিয়েছে।"

কলকাতা : কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারবার বিজেপির বিরুদ্ধে সরব বয়েছে তৃণমূল। এদিকে, পাল্টা বিজেপি বারবার দাবি করে এসেছে, কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলাকে বঞ্চিত করে রেখেছে তৃণমূল। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে সেই একই ইস্যুতে শান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মনে করিয়ে দিলেন, তৃণমূলের জন্যই বাংলার মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। তাঁর বক্তব্যে ফের উঠে এল একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কথা। মোদীর অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পকে আটকে রেখেছে তৃণমূল। বাংলার মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলি থেকে বঞ্চিত হচ্ছেন। তবে মোদীর গ্যারান্টি, বিজেপি ক্ষমতায় এলে সব প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, তৃণমূলের আমলে বাংলায় উন্নয়ন আটকে গিয়েছে। শিল্প-বাণিজ্যে একসময় বাংলা সবার আগে ছিল। কিন্তু এখন সবদিক থেকে পিছিয়ে। মোদী বলেন,” বাংলায় এখন আমাদের সরকার নেই। তবু বিজেপির কেন্দ্রীয় সরকারের সাহায্যে বাংলায় বিকাশের কাজ করে চলেছে। এখনই আমি ১৮ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলাম।”
এরপরই কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন,”নির্মম সরকার বাংলার উন্নয়নে ব্রেক কষে রেখেছে। কেন্দ্রের সূর্যঘর প্রকল্প চালু করতে দিচ্ছে না। তৃণমূল চায় না বাংলার মানুষের বিদ্যুৎ বিল শূন্য হোক। চা শ্রমিকরাও প্রকল্পের সুবিধা পাচ্ছে না।” তাঁর বক্তব্যে উঠে আসে জলজীবন প্রকল্পের কথা। মোদীর দাবি, জলজীবন প্রকল্পের সুবিধা পাচ্ছে দেশবাসী। প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছে গিয়েছে। কিন্তু, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। মোদী বলেন,”পাকা বাড়ি পাচ্ছে না কেউ। প্রকল্পের নাম বদলে দেওয়া হচ্ছে। আয়ুষ্মান প্রকল্পে ৫ লাখ টাকা করে পাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। কিন্তু, সেই প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে তৃণমূল।”
তবে, মোদীর গ্যারান্টি বাংলায় একদিন সুশাসন আসবে। প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূল সরকারের পতন হলেই গরিবদের জন্য পাকা ঘর তৈরি শুরু হবে। এটা মোদীর গ্যারান্টি। বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বাংলায় সুশাসন আসবে।”
দুর্নীতি ইস্যুতেও এদিন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,”বাংলা একসময় গোটা ভারতের বিকাশে ভূমিকা পালন করত। শিল্প-বাণিজ্যে সবার আগে ছিল বাংলা।…বাংলায় প্রথমে কংগ্রেস,পরে কমিউনিস্ট,এখন তৃণমূল… এসেছে। এরা শুধু পকেট ভরেছে। আর বাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি হচ্ছে। চাকরি খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। এখন সময় এসেছে বদলানোর।”
মোদীর বক্তব্যের পাল্টা তৃণমূলের দাবি, বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র। সায়নী ঘোষ বলেন, “দু লক্ষ কোটি টাকা বকেয়া বাংলার। আবাসের হাজার হাজার কোটি টাকা, মিড ডে মিলের টাকা আটকে রেখেছে।”
