Burdwan: OTP ঢুকছে মোবাইলে, দিলেই বলছে ‘Error’! কলেজে ভর্তির ক্ষেত্রে বেকায়দার পরিস্থিতি
Burdwan: ছাত্রছাত্রীদের অভিযোগ, পোর্টাল থেকে ওটিপি আসছে, কিন্তু সেই ওটিপি পোর্টালে দিলে সঙ্গে সঙ্গেই 'Error' দেখাচ্ছে। তার ফলে পোর্টাল আর কোনও কাজ করছে না। ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই-এর অভিযোগ, গোটা জেলা জুড়ে ১৯ জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে, সব জায়গায় একই সমস্যা।

বর্ধমান: প্রথমদিনই কি মুখ থুবড়ে পড়ল রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে উদ্বোধন করা কেন্দ্রীয় ভর্তি পোর্টাল? বর্ধমানের কলেজগুলোতে এই নিয়ে জটিলতা। অভিযোগ, সোমবার সকাল থেকেই ছাত্র – ছাত্রীরা ভর্তির জন্য এই পোর্টালে আবেদন করলেও কোনও কাজ হচ্ছে না। এক প্রকার নিষ্ক্রিয় হয়ে আছে পোর্টাল।
ছাত্রছাত্রীদের অভিযোগ, পোর্টাল থেকে ওটিপি আসছে, কিন্তু সেই ওটিপি পোর্টালে দিলে সঙ্গে সঙ্গেই ‘Error’ দেখাচ্ছে। তার ফলে পোর্টাল আর কোনও কাজ করছে না। ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই-এর অভিযোগ, গোটা জেলা জুড়ে ১৯ জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে, সব জায়গায় একই সমস্যা। সকাল থেকেই অনেক ছাত্র – ছাত্রী এসেছিলেন, কিন্তু তাঁরা ভর্তি হতে পারেননি। রাজ্য সরকারের পরিকল্পনা বিহীন একটা কাজের জন্য আজ প্রচুর ছাত্র – ছাত্রী সমস্যায় পড়েছেন বলে অভিযোগ। ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছে বাংলার প্রায় ৬ লক্ষ ছাত্র – ছাত্রী।
সমীর দাস নামে এক ছাত্রের বক্তব্য, “এখানে ফর্ম ফিলাপ করতে গেলে দুটো জায়গায় ওটিপি আসার কথা। এসএমএস ও মেইলে। এসএমএস-এ ওটিপি এলেও, মেইলে ওটিপি ঢুকছে না। আবার মোবাইলের ওটিপি ফর্মে পুট করলেও সেটা নিচ্ছে না। সকাল থেকে অনেকবার চেষ্টা করেও এই সমস্যা হচ্ছে।”
এসএফআই জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন, “কলেজগুলোতে কেন্দ্রীয় ভাবে অনলাইন পোর্টাল চালু করেছে। কিন্তু দেখা যাচ্ছে, এসএমএস আকারে যে ওটিপি আসছে, মেইলে আসছে না, সেই ওটিপি দেওয়ার পর ইনভ্যালিড বলছে। ৭ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। প্রথম দিনেই এই অবস্থা। ৬ লক্ষ ছাত্রছাত্রীর সঙ্গে একটা সেন্ট্রাল পোর্টাল কখনই ঠিকভাবে কাজ করবে না।”
যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের দাবি, “প্রথমদিন সবাই ভালোভাবেই ফর্ম ফিলাপ করেছে। সবাই এক সঙ্গে ব্যবহার করার জন্য বা ইন্টারনেট পরিষেবা ঠিক না থাকায় সকালের দিকে একটু সমস্যা হয়েছিল। এস এফ আইয়ের অভিযোগ ভিত্তিহীন। এস এফ আই এর ক্যাম্প অফিসে একটাও লোক নেই। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্যোগে কলেজে ভর্তির ক্ষেত্রে একটি সেন্ট্রালাইজড পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। সবাই ভালোভাবেই ফর্ম ফিলাপ করছে। প্রথম দিকে সার্ভার স্লো ছিল। তাতে কিছুটা সমস্যা হতে পারে। ওয়েবসাইটে কোথাও কোনও সমস্যা নেই।”
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সমস্যা ঠিক হয়ে গিয়েছে। সার্ভারে মঙ্গলবার পর্যন্ত সাড়ে চার লক্ষ আবেদন জমা পড়েছে। তবে রাত ১২ টা থেকে ২ টো পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
