SIR Tribunal Chaos: কালনায় ট্রাইব্যুনালের আবেদন লাইনে চরম বিশৃঙ্খলা, ঠেলাঠেলির মাঝে পড়ে গিয়ে জখম ২ আবেদনকারী
Kalna Tribunal Chaos: বিকেল ৪টের সময় পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু হতেই লাইনে থাকা আবেদনকারীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর কাজ শুরু হতেই সবাই আগে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করেন। এর ফলেই শুরু হয় ব্যাপক ঠেলাঠেলি।

কালনা: ট্রাইব্যুনালে ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। চরম বিশৃঙ্খলা কালনা মহকুমা শাসকের দফতরে। সোমবার বিকেলের এই ঘটনায় ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়ি ও ঠেলাঠেলির জেরে এক বৃদ্ধ ও এক মহিলা-সহ অন্তত দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, কালনা মহকুমা শাসকের দফতরে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য সোমবার ভোররাত থেকেই দূরদূরান্ত থেকে শয়ে শয়ে মানুষ এসে ভিড় জমিয়েছিলেন। কিন্তু সকাল থেকে গোটা প্রক্রিয়াই বন্ধ ছিল। সূত্রের খবর, রাজনৈতিক দলগুলির প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কাজ চলায় নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনালের কাজ সাময়িকভাবে বন্ধও রাখা হয়।
বিকেল ৪টের সময় পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু হতেই লাইনে থাকা আবেদনকারীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর কাজ শুরু হতেই সবাই আগে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করেন। এর ফলেই শুরু হয় ব্যাপক ঠেলাঠেলি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের চাপে ঠাল সামলাতে না পেরে কয়েকজন মাটিতে পড়ে যান। এমনকি পড়ে যাওয়া ব্যক্তিদের ওপর দিয়েই অনেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এই বিশৃঙ্খলার মাঝেই এক বৃদ্ধ ও এক মহিলা গুরুতর চোট পান।
পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা দ্রুত সক্রিয় হন। তাঁরা আহতদের উদ্ধার করে ভিড় থেকে সরিয়ে ফাঁকা জায়গায় নিয়ে আসেন। আহতদের মাথায় জল ঢেলে প্রাথমিক শুশ্রূষা করার চেষ্টা করা হয়। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আবেদনকারীদের অভিযোগ, রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার মাঝেই হঠাৎ কাজ বন্ধ করে দেওয়াতেই চাপ তৈরি হয়। আগামীতে আরও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার দাবিও জানিয়েছেন তাঁরা। এদিকে ভোটের মরশুমে মনোনয়ন, তার মাঝে ট্রাইবুনালের কাজের মধ্যেই এই কাণ্ডে স্বভাবতই তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।
