Sauce Making: ‘এত MSG-আজিনামোটো কেন?’ পচা কুমড়ো দিয়ে সস তৈরি করে বিপাকে মহিলা
Katwa: খাদ্য দফতরের এক আধিকারিকের দাবি, কারখানায় অতিরিক্ত পরিমাণে আজিনোমোটো মজুত করা হয়েছিল। সসে অতিরিক্ত পরিমাণে আজিনোমোটো ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে বলেও জানান তিনি। কারখানা থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়।

কাটোয়া: ভেজাল খাওয়ানো যাবে না। নির্দেশ ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সেই মতো মিষ্টিতে অতিরিক্ত রং মেশানোর অভিযোগ। তা দেখে ক্ষুব্ধ খাদ্য দফতরের আধিকারিকরা। দোকানদারকে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হল রং মেশানো মিষ্টি। অন্যদিকে, খাবারে কৃত্তিম স্বাদ বাড়ানোর রাসায়নিক পাওয়ায় নোটিস ধরানো হল একটি সস তৈরির কারখানায়। রবিবার সকাল থেকেই কাটোয়ার পানুহাট বাজারের বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। খাদ্য দফতর, পুলিশ প্রশাসন এবং পৌরসভার যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
কাটোয়া থানার পানুহাট এলাকায় সকাল থেকেই বিভিন্ন খাবারের দোকানে হানা দেন খাদ্য দফতরের আধিকারিকরা। মূলত খাবারের গুণমান এবং স্বাস্থ্যকর পরিবেশ খতিয়ে দেখতেই এই অভিযান। পানুহাটের মণ্ডলহাট এলাকায় একটি মিষ্টির দোকানে খাবারের গুণগত মান পরীক্ষা করতে গিয়ে আধিকারিকদের নজরে আসে, বেশ কিছু মিষ্টিতে অতিরিক্ত মাত্রায় রং ব্যবহার করা হয়েছে।
আধিকারিকদের দাবি, অতিরিক্ত কৃত্রিম রং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। এরপরই মিষ্টিতে অতিরিক্ত রং ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেন এক খাদ্য দফতরের আধিকারিক। দোকানদারকে ওই মিষ্টিগুলি ডাস্টবিনে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর দোকানের রং করা মিষ্টি ডাস্টবিনে ফেলে দেন দোকানের মালিক। খাদ্য দফতরের পক্ষ থেকে দোকানদারকে সতর্ক করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে মিষ্টিতে অতিরিক্ত রং ব্যবহার করা হলে দোকানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হবে, প্রয়োজনে বন্ধ করে দেওয়া হতে পারে দোকান।
এখানেই অন্যদিকে, একটি সস তৈরির কারখানাতে হানা দেন খাদ্য দফতরের আধিকারিকরা। সেখানে পড়ে থাকতে দেখা যায় পচা কুমড়ো এবং আজিনোমোটোর একাধিক প্যাকেট। খাদ্য দফতরের এক আধিকারিকের দাবি, কারখানায় অতিরিক্ত পরিমাণে আজিনোমোটো মজুত করা হয়েছিল। সসে অতিরিক্ত পরিমাণে আজিনোমোটো ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে বলেও জানান তিনি। কারখানা থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি কারখানার মালিককে নোটিস ধরানো হয়। এছাড়াও পানুহাট এলাকা একটি ঠান্ডা পানিয় এর দোকানে অভিযান চালান আধিকারিকরা। সেখানে বিভিন্ন খাবার ও পানীয়ের গুণমান পরীক্ষা করা হয়।
