Suvendu Adhikari: ইউসিসি থেকে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন, কী কী করবেন জানিয়ে দিলেন শুভেন্দু
West Bengal UCC and New Laws: নিয়োগ নিয়েও এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্য পুলিশের ১২ হাজার কনস্টেবল সিলেক্ট হয়েছে। চাকরি দেওয়া শুরু করলাম আমরা। এরপর কলকাতা পুলিশ। এরপর এসএসসি-র নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ। ২০২৭ সালের মার্চের মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী, পুলিশ, সরকারি দফতর- সব মিলিয়ে আমি আপনাদের গুনে গুনে দেখিয়ে দেব, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে।"

বর্ধমান: রাজ্যে সরকার গঠনের সাড়ে চার মাস হয়েছে। আর এই সাড়ে চার মাসে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু-সরকার। রাজ্য সরকার খুব দ্রুত আরও কয়েকটি আইন আনবে। শুক্রবার পূর্ব বর্ধমানের সভা থেকে একথা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী কী আইন আনবেন, সেকথাও জানিয়ে দিলেন তিনি।
সভা থেকে কী বললেন মুখ্যমন্ত্রী?
রাজ্যে সরকার গঠনের পরই ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। এখন দেড় কোটির বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পান। এখনও যে সব ‘যোগ্য’ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরাও পেয়ে যাবেন বলে এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই তিনি বলেন, “শুধু ভাতা দেওয়ার জন্য সরকারে আসিনি। এই বাংলায় সামাজিক সংস্কারের জন্য আপনারা আমাদের বসিয়েছেন। আমরা এই সম্মান, মর্যাদা রক্ষা করার কাজ করব। এই বিশ্বাস, ভরসা রাখবেন।”
সরকার এরপর কী কী কাজ করবে, সেকথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এজেন্ডা ১- এক দেশ, এক আইন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন। পশ্চিমবঙ্গেও অতি দ্রুত ইউনিফর্ম সিভিল কোড (UCC) আসছে। তারপর ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনব। তারপর লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনব। তারপর ল্যান্ড জিহাদের বিরুদ্ধে আইন আনব।”
‘এই অর্থবর্ষে এক লক্ষ চাকরি দেব’-
তৃণমূলের আমলে কর্মসংস্থান হয়নি বলে বারবার সরব হতে দেখা যেত বিজেপিকে। ক্ষমতায় এসেই শুভেন্দু-সরকার কর্মসংস্থান নিয়ে উদ্যোগী হয়েছে। এদিন তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “২৬ হাজার টাকরি লুঠ হয়েছে।” তারপরই তিনি জানান, বর্তমান সরকার কর্মসংস্থানের জন্য কী কী পদক্ষেপ করছে। বলেন, “রাজ্য পুলিশের ১২ হাজার কনস্টেবল সিলেক্ট হয়েছে। চাকরি দেওয়া শুরু করলাম আমরা। এরপর কলকাতা পুলিশ। এরপর এসএসসি-র নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ। ২০২৭ সালের মার্চের মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী, পুলিশ, সরকারি দফতর- সব মিলিয়ে আমি আপনাদের গুনে গুনে দেখিয়ে দেব, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। টাকা নিয়ে আর নিজের আত্মীয়স্বজনকে ঢুকিয়ে দুর্গন্ধ করে দিয়েছে আগের সরকার। আমরা এক লক্ষ চাকরি দেব এই অর্থবর্ষে। কথা দিয়ে গেলাম।” একইসঙ্গে তিনি জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিয়োগে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ হবে না।”
