HIV Alert in Bardhaman: সমকামিতার জেরে HIV আক্রান্ত, বর্ধমানে বাড়ছে চিন্তা! ৩০ যুবকের শরীরে মিলল ভাইরাস
Bardhaman News: কিন্তু এই মারণ ভাইরাসের বাড়ন্ত প্রকোপের তথ্য হঠাৎ করে কীভাবে পেল কর্তৃপক্ষ? স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক যুবক দীর্ঘদিনের অসুস্থতার পর বেশ কয়েকটি মেডিক্যাল টেস্ট করান। তাতে ছিল HIV টেস্টও। তখনই ধরা পড়ে তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত। এরপর তাঁর ঘনিষ্ঠমহলে থাকা যুবকদেরও এই টেস্ট করানো হলে পরপর তৈরি হয় নজির।

পূর্ব বর্ধমান: জেলাজুড়ে বেড়েছে HIV আক্রান্তের সংখ্যা। যার মধ্য়ে একটা বড় অংশ আবার বর্ধমান শহরের বাসিন্দা। সমকামিতা বা ভিন্ন যৌন চাহিদার বশে ওই শহরে HIV আক্রান্ত হয়েছেন ৩০ জন যুবক। সোমবার এমনই তথ্য় প্রদান করল জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতর।
সোমবার ওই দফতরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানিয়েছেন, “জেলায় বর্তমানে প্রায় ৯০ জন HIV পজ়িটিভ রয়েছেন। তার মধ্য়ে খোদ বর্ধমান শহরেই আক্রান্তের সংখ্য়া ৩০। সকলেই যুবক, উচ্চ শিক্ষিত, অভিজাত পরিবারের।” প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ যৌন আচরণের কারণেই আচমকা এই মারণ ভাইরাসের প্রকোপ বেড়েছে।
এদিন তিনি আরও বলেন, “সাধারণ ভাবে আমরা এই নিয়ে সব সময়ই সচেতনতা তৈরির জন্য় চেষ্টা চালাই। যে সকল জায়গায় যৌনপল্লি রয়েছে, সেখানেই সচেতনতা অভিযান চালানো হয়। কিন্তু এই বছরের একটু বেনজির কাণ্ড ঘটেছে। HIV ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সমকামিতাও একটা বড় ভূমিকা পালন করছে।”
কিন্তু এই মারণ ভাইরাসের বাড়ন্ত প্রকোপের তথ্য হঠাৎ করে কীভাবে পেল কর্তৃপক্ষ? স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক যুবক দীর্ঘদিনের অসুস্থতার পর বেশ কয়েকটি মেডিক্যাল টেস্ট করান। তাতে ছিল HIV টেস্টও। তখনই ধরা পড়ে তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত। এরপর তাঁর ঘনিষ্ঠমহলে থাকা যুবকদেরও এই টেস্ট করানো হলে পরপর তৈরি হয় নজির। এই ঘটনা আকস্মিক কিছু নয়, বরং এর নেপথ্যে একটা বড় যৌনচক্র থাকতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর তৈরি। কর্মাধ্যক্ষের দাবি, HIV সংক্রমণ আচমকা বেড়ে গেলেও, কিছু এলাকায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আক্রান্ত যুবকদের পরিচয় গোপন রেখেই চিকিৎসা চলছে। অন্যদিকে, স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন, এইচআইভি সংক্রমণ প্রতিরোধযোগ্য। নিরাপদ যৌন আচরণ, নিয়মিত পরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমেই এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
