Burdwan ICDS: ডিম ব্যাগে ভরে নিয়ে বাড়ি যাচ্ছে! অভিযোগে উত্তাল কাটোয়ার পূর্বপাড়া
ICDS Centre: স্থানীয় বাসিন্দাদের দাবি, কেন্দ্রের ছোট ছোট শিশুদের দিয়ে জল আনানো এবং খাবার নিতে আসা শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযুক্ত কর্মীর বদলির দাবিও ওঠে।

কাটোয়া: শিশুদের জন্য বরাদ্দ খাবার চুরি করে বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ। ডিম ব্যাগে ভরে নিয়ে যাওয়া থেকে শুরু করে ছোট ছোট শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ উঠেছে আইসিডিএস সেন্টারের কর্মীর বিরুদ্ধে। অভিযোগ ঘিরে উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাটোয়ার গাঙ্গুলিডাঙার কদমপুকুর পূর্বপাড়া এলাকার ২৩০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র।
অঙ্গনওয়াড়ি কর্মী অলোকা ঘোষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কেন্দ্রে নানা ধরনের অনিয়ম চলছে। রান্নার জন্য বরাদ্দ চাল, ডাল, সবজি ও তেল যথাযথভাবে ব্যবহার করা হয় না বলেও অভিযোগ তাঁদের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কেন্দ্রের ছোট ছোট শিশুদের দিয়ে জল আনানো এবং খাবার নিতে আসা শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযুক্ত কর্মীর বদলির দাবিও ওঠে।
যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী অলোকা ঘোষ। তাঁর দাবি, গত ১৬ বছর ধরে তিনি ওই কেন্দ্রে কাজ করছেন। এতদিন কোনও সমস্যা হয়নি। যে সংখ্যক শিশু খাবার নিতে আসে, সেই সংখ্যক শিশুর নামই নথিভুক্ত করা হয় বলেও দাবি তাঁর। শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগও সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।
অভিযোগ-পাল্টা অভিযোগে যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিডিপিও। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
