Road accident: বাজারে আসছিলেন ২ মহিলা, ধেয়ে এল ডাম্পার, তারপরই…
Road accident: জানা গিয়েছে, দুই মহিলা বাজার করতে এসেছিলেন। এমন সময় পিছন থেকে দ্রুত গতিতে এসে ডাম্পারটি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃতদের নাম চিন্তা মাহালি ও লক্ষ্মী মাহালি।

কালনা: বেপরোয়া গতিতে আসা ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দুই মহিলা পথচারীর। উল্টো দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই টোটোতেও ধাক্কা দেয় ডাম্পারটি। টোটোর ৩ যাত্রী দূরে ছিটকে পড়ে আহত হন। আহতরা কালনা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ডাম্পার চালক ও ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধেয় কালনার ধাত্রীগ্রামে সপ্তগ্রাম ত্রিবেণী কাটোয়া রোডে (STKK)একটি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দুই মহিলা বাজার করতে এসেছিলেন। এমন সময় পিছন থেকে দ্রুত গতিতে এসে ডাম্পারটি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মৃতদের নাম চিন্তা মাহালি ও লক্ষ্মী মাহালি। তাদের বাড়ি স্থানীয় ধাত্রীগ্রাম এলাকাতেই।
ওই মহিলাদের ধাক্কা মারার পর দাঁড়িয়ে থাকা একটি টোটোকেও ধাক্কা মারে ওই ডাম্পারটি। ছিটকে যায় টোটোটি। ঘটনায় টোটন হালদার ও দুখু হালদার সহ আরো একজন আহত হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত চিন্তা মাহালির স্বামী বলেন, “আমার স্ত্রী বাজার আসছিল। কোথা থেকে কী হল, কিছুই বুঝতে পারছি না।” বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
আহত এক ব্যক্তি বলেন, “আমরা ভাবতেই পারিনি ডাম্পারটি এসে আমাদের ধাক্কা মারবে। আমাদের আগে দুই মহিলাকে ধাক্কা মেরেছিল।”

