Digha: দিঘার সমুদ্রে নামার আগে সাবধান, বোল্ডারের ভিতর লুকিয়ে ছিল চন্দ্রবোড়া

Digha Snake Recover: এখানে উল্লেখ্য, এর আগেও দিঘায় বিষধর 'ইয়েলো-বেলি' সামুদ্রিক সাপের দেখা মিলেছিল। তবে এবার সৈকতের বোল্ডারে সরাসরি চন্দ্রবোড়া মেলায় ঝুঁকি আরও বাড়ল। পরিস্থিতি মোকাবিলায় পর্যটকদের জন্য বেশ কিছু জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

Digha: দিঘার সমুদ্রে নামার আগে সাবধান, বোল্ডারের ভিতর লুকিয়ে ছিল চন্দ্রবোড়া
চন্দ্রবোড়া উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 17, 2026 | 1:21 PM

দিঘা: সপ্তাহের শেষে সমুদ্রের হাওয়া খেতে অনেকেই দিঘায় বেড়াতে যান। আবার ছুটিতে টুক করে কাছে পিঠে ঘুরে আসার অন্যতম জনপ্রিয় জায়গা সমুদ্র। আর তার জন্য উল্লেখযোগ্য জায়গা হল দিঘা (Digha)। ফলে সেখানে হাওয়া খেতে বা সৈকতের পাথরে বসে সময় কাটাতে যাওয়ার পরিকল্পনা থাকলে এ বার বাড়তি সতর্ক হতে হবে পর্যটকদের। একটু অসাবধানতা ডেকে আনতে পারে চরম বিপদ। কেন এমন কথা বলা হয়েছে?

আসলে সম্প্রতি নিউ দিঘার সমুদ্র সৈকত লাগোয়া বোল্ডারের খাঁজ থেকে একটি আস্ত পূর্ণবয়স্ক বিষধর চন্দ্রবোড়া উদ্ধার হয়েছে। বাঙালির এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা, সেখানে এমন প্রাণঘাতী সাপের উপস্থিতি পর্যটকদের নিরাপত্তায় বড় প্রশ্ন তুলে দিয়েছে।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, নিউ দিঘার সৈকতের পাথরে বসেছিলেন কয়েকজন পর্যটক। তাঁরাই প্রথম ওই বোল্ডারের ফাঁকে সাপটিকে দেখতে পান। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ‘দিঘা ফরেস্ট রেঞ্জের’ কর্মীরা। অত্যন্ত সতর্কতার সঙ্গে বনদফতরের আধিকারিকরা সাপটিকে ধরে উদ্ধার করে নিয়ে যান। বনদফতর সূত্রে নিশ্চিত করা হয়েছে, উদ্ধার হওয়া সরীসৃপটি অত্যন্ত বিষধর ‘চন্দ্রবোড়া’।

সর্প বিশেষজ্ঞদের মতে, চন্দ্রবোড়ার বিষ শরীরে প্রবেশ করলে দ্রুত চিকিৎসা শুরু না হলে মৃত্যু অনিবার্য। পূর্ব মেদিনীপুর জেলার বন আধিকারিক অঞ্জন গুহ বলেন, “দিঘার আশেপাশের এলাকায় সংলগ্ন বনাঞ্চল রয়েছে। সাম্প্রতিক সময়ে সর্বত্রই চন্দ্রবোড়া সাপের বংশবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। তাই এই অঞ্চলে এদের চলে আসা অস্বাভাবিক নয়। তবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বনদফতরের তরফে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।”

এখানে উল্লেখ্য, এর আগেও দিঘায় বিষধর ‘ইয়েলো-বেলি’ সামুদ্রিক সাপের দেখা মিলেছিল। তবে এবার সৈকতের বোল্ডারে সরাসরি চন্দ্রবোড়া মেলায় ঝুঁকি আরও বাড়ল। পরিস্থিতি মোকাবিলায় পর্যটকদের জন্য বেশ কিছু জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের পাথরে বা বোল্ডারে বসে আড্ডা দেওয়া, সেলফি তোলা এবং সৈকতের অসমান জায়গায় ঘোরাঘুরি করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্নানের জন্য নির্ধারিত ও সুরক্ষিত ঘাট ব্যবহার করতে বলা হয়েছে। বিশেষ করে রাত্রিবেলা বেলা সৈকতের কম আলোর জায়গায় চলাফেরার সময় বাড়তি নজর রাখতে হবে এবং কোনও সাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us