Haldia post poll violence: ভোটের পরেও অব্যাহত হিংসার ছবি, হলদিয়ায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ
Haldia Post-Poll Violence BJP Workers: শনিবার রাতে ঝিকুরখালি এলাকায় একটি পুজো অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি কর্মী কুণাল বলিদা-সহ দলের অন্যান্য সদস্যরা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীনই আচমকা প্রায় ৩০-৪০ জনের একদল তৃণমূল কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর চড়াও হয়।

হলদিয়া: ভোট পরবর্তী হিংসায় এখনও তপ্ত হলদিয়া। ভোটের দিন বিকাল থেকেই হলদিয়ার একাধিক জায়গায় হামলার অভিযোগ ওঠে। শনিবার রাতেও হলদিয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ঝিকুরখালী এলাকাতে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও বা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ঝিকুরখালি এলাকায় একটি পুজো অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি কর্মী কুণাল বলিদা-সহ দলের অন্যান্য সদস্যরা। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীনই আচমকা প্রায় ৩০-৪০ জনের একদল তৃণমূল কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর চড়াও হয়। কুণাল বলিদা-সহ ৩-৪ জনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।
রাতেই হাসপাতালে আহতদের দেখতে যান হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “ভোটের ফলাফল এখনও প্রকাশিত হয়নি, তার আগেই বিজেপি কর্মীদের ওপর এই ধরনের বর্বরোচিত আক্রমণ চালানো হচ্ছে। এটি বিরোধীদের ভয় দেখানোর একটা পরিকল্পিত চেষ্টা।” তিনি জানান, এই ঘটনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হবে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, এই হামলার ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। ভোটের পরবর্তী সময়ে এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বিজেপিই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। তবে পরপর হিংসার ঘটনায় হলদিয়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
