Purba Medinipur: ৮৪ দিন পর এগরা পৌরসভার চেয়ারে ফের স্বপন নায়েক, বিজেপি প্রার্থী দিব্যেন্দুর সুবিধা হল?
West Bengal assembly election 2026: বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের আর একমাসও বাকি নেই। এগরায় ভোট রয়েছে প্রথম দফাতেই। ভোটের আগে স্বপন নায়েক ফের পৌরসভায় পা রাখায় কি অস্বস্তি বাড়ল তৃণমূলের? এই প্রশ্ন উঠছে। এখানে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে তিনি কোনও সুবিধা পাবেন কি না, এই নিয়ে জল্পনা বাড়ছে।

এগরা: ভোটের বাংলায় তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে এগরা পৌরসভায় ফিরলেন স্বপন নায়েক। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে ৮৪ দিন পর এগরা পৌরসভার চেয়ারম্যান শুক্রবার পৌরসভায় ঢুকলেন। তাঁকে ঘিরে অনুগামীদের ভিড় দেখা গেল। তাঁর নামে স্লোগান দিলেন অনুগামীরা। স্বপন নায়েকের পৌরসভায় ফেরা নিয়ে তৃণমূল মুখ খুলতে চায়নি। তবে শাসকদলকে বিঁধছে বিজেপি। স্বপন নায়েক পৌরসভার চেয়ারম্যানের চেয়ারে ফের বসায় বিধানসভা নির্বাচনে এগরায় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী বাড়তি কোনও সুবিধা পাবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
তৃণমূল পরিচালিত এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েক। সরকারি জমি হস্তান্তর মামলায় জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়েছেন। কিন্তু পৌর ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, ৮৪ দিন পর শুক্রবার পৌরসভায় প্রবেশ করেন। চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে পৌরসভা ভবন চত্বরে ভিড় করেন স্বপন নায়েকের অনুগামীরা। স্বপন নায়েক গাড়ি থেকে নামতেই তাঁকে মালা পরিয়ে স্লোগান দিতে থাকেন। কেউ জড়িয়ে ধরেন। কেউ কেঁদে ফেলেন। সব মিলিয়ে এগরা পৌরসভার ভবন চত্বরে এক অন্য পরিবেশ তৈরি হয়।

তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে স্বপন নায়েক এদিন বলেন, “২০২৩ সালের আগে ওই জায়গাটা পরিত্যক্ত বলে পরিগণিত হয়। ওখানে মদ, গাঁজার আসর বসত। বাধ্য হয়ে পূর্ত দফতরের স্ট্যান্ডিং কমিটি প্রস্তাব পাঠায় যে, জায়গাটি লিজ দেওয়া হোক। সেইমতো সব কাউন্সিলর সই করেছিলেন। তারপর লিজ দেওয়া হয়েছিল। যাঁরা লিজ নিয়েছিলেন, তাঁরা প্রতি বছর টাকা দেন। আমার নামে মিথ্যা মামলা হয়।”
বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের আর একমাসও বাকি নেই। এগরায় ভোট রয়েছে প্রথম দফাতেই। ভোটের আগে স্বপন নায়েক ফের পৌরসভায় পা রাখায় কি অস্বস্তি বাড়ল তৃণমূলের? এই প্রশ্ন উঠছে। এখানে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে তিনি কোনও সুবিধা পাবেন কি না, এই নিয়ে জল্পনা বাড়ছে।
তৃণমূলকে খোঁচা দিয়ে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতা তন্ময় হাজরা বলেন, “এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েক স্বমহিমায় পৌরসভায় ফিরলেন। তৃণমূল দেখে রাখুক, স্বপন নায়েকের মতো বর্ষীয়ান রাজনীতিককে বসিয়ে রাখা যাবে না। উনি যেই দল করুন না কেন। এগরা পৌরসভা এলাকায় উন্নয়নে তাঁর অবদান অস্বীকার্য। তিনি আজকে পৌরসভায় ফিরে আসায় তৃণমূলের পৌরসভার নেতারা ঘরে ঢুকে গিয়েছেন। বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর দেখা যাবে, তৃণমূলের ব্লক নেতারাও ঘরে ঢুকে পড়বেন।” তৃণমূল অবশ্য স্বপন নায়েকের পৌরসভায় আসা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
