CM Suvendu Adhikari: ‘রাষ্ট্র বিরোধী কার্যকলাপের ধারায় শিক্ষা দিন’, এবার মুখ্যমন্ত্রীর নজরে জাহাঙ্গিরের স্ত্রী!
CM Suvendu Adhikari On Falta Tension: ফলতার সভা থেকে শুভেন্দু বললেন, "ফলতার এক মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সের উপরে হামলা চালানো হয়। আমি ডিজিপিকে বলব, কেউ যেন বাড়িতে না থাকে। তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে।" এখানেই শেষ নয়, জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে এবার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় মামলা দেওয়ারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবারই তপ্ত হয়ে উঠেছিল ফলতা। জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার হামলা চলে থানায়। জাহাঙ্গিরের স্ত্রী’র নেতৃত্বে চলে এই হামলা। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেন অনেকেই। ২৪ ঘণ্টার মধ্যেই ফলতায় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন জাহাঙ্গিরের স্ত্রীকে।
ফলতার সভা থেকে শুভেন্দু বললেন, “ফলতার এক মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সের উপরে হামলা চালানো হয়। আমি ডিজিপিকে বলব, কেউ যেন বাড়িতে না থাকে। তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে।” এখানেই শেষ নয়, জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে এবার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় মামলা দেওয়ারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাষ্ট্র বিরোধী কার্যকলাপের ধারায় এমন শিক্ষা দিন যাতে আগামীতে এই কাজ করার সাহস কেউ না দেখায়।”
এই হামলাকাণ্ডে জাহাঙ্গিরের স্ত্রী-র নামে এফআইআর দায়ের করেছে পুলিশ। জাহাঙ্গিরকে ছাড়ানোর জন্য থানায় হামলাকাণ্ডে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। আপাতত থানার লকআপে রয়েছে জাহাঙ্গির খান। তাকে মুক্তি দিতে হবে, এই দাবিতে জাহাঙ্গিরের স্ত্রী’র নেতৃত্বে মঙ্গলবার বিক্ষোভ চলে। গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী। জাহাঙ্গির খানের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর হুঁশিয়ারিও দেন তিনি। তাঁর কথায়, “এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর কাজ সরকার করবে।” মুখ্যমন্ত্রী এদিন আবারও বলেন, “আমি আবারও বলছি কেউ আইন হাতে তুলে নেবেননা। এই সরকার কাউকে ছাড়বে না। ফলতা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ভোট লুঠ তো অতীত হয়ে গেছে। কোনো দুর্নীতি, জমি দখল হবে না।”
