WB Assembly Election 2026 : আরাবুলের মিছিলে ‘হামলা’, প্রথম দিন প্রচারে বেরিয়েই বিক্ষোভের মুখে আইএসএফ প্রার্থী
Arabul Islam : জানা গিয়েছে, সোমবার সন্ধে নাগাদ চন্দনেশ্বর বাজারে প্রচারে বেরিয়েছিলেন আরাবুল ইসলাম। মিছিল করে প্রচার সারছিলেন। সেইসময় হঠাৎ আরাবুল ইসলামের মিছিলে হামলার অভিযোগ ওঠে। আইএসএফ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ক্যানিং : প্রচারে বেরিয়েই বাধার মুখে আরাবুল ইসলাম। তাঁর উপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় চন্দনেশ্বর বাজারে। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে প্রতিবাদ করেন আইএসএফ কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। জল্পনা মতোই ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে আরাবুল ইসলামকে। প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রচারে বেরিয়েছিলেন। কিন্তু, প্রথম দিনই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়।
জানা গিয়েছে, সোমবার সন্ধে নাগাদ চন্দনেশ্বর বাজারে প্রচারে বেরিয়েছিলেন আরাবুল ইসলাম। মিছিল করে প্রচার সারছিলেন। সেইসময় হঠাৎ আরাবুল ইসলামের মিছিলে হামলার অভিযোগ ওঠে। আইএসএফ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শওকত মোল্লা ঘনিষ্ঠ শাহাজাহান মোল্লার বাহিনী এই হামলার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইএসএফের দুই কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে আরাবুল ইসলাম চন্দনেশ্বর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে চন্দনেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে আটক কর্মীদের ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।
দিন কয়েক আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। তারপর থেকেই তাঁর প্রার্থী হওয়ার জল্পনা জোরালো হচ্ছিল। গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর জানা যায়, ক্যানিং পূর্বে তাঁকে টিকিট দিয়েছে আইএসএফ। এদিকে, ক্যানিং পূর্ব থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন বাহারুল। বিজেপি টিকিট দিয়েছে অসীম সাঁপুইকে। সেক্ষেত্রে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা সময়ই বলবে।
