
ডায়মন্ড হারবার: ভোটপর্ব শেষ হতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতীক-উর-রহমান (Pratikur Rahaman)। প্রতীক-উরের দাবি, “এটা ভোট হয়নি, ভাট হয়েছে। গোটা ডায়মন্ড হারবারজুড়ে ভোটের নামে প্রহসন হয়েছে।” একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
প্রতীক-উরের অভিযোগ, তৃণমূল ভাড়া করে লোক এনে উৎসবের মেজাজে ছাপ্পা ভোট করিয়েছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে হয়েছে তা। সিপিএম প্রার্থীর কথায়, “আমরা যারা লাল ঝান্ডার পার্টি করতে এসেছি, আমরা জানি অসম লড়াই লড়তে হয়।”
প্রতীক-উরের দাবি, নির্বাচন কমিশন বুঝিয়ে দিল কুছ মত দেখো, কুছ মত সুনো, কুছ মত বোলো। তিনি বলেন, “আমি ৩৮৮টা অভিযোগ করেছি। একাধিকবার ফোন করেছি। নির্বাচন কমিশন যতটা গর্জে ছিল, ততটা বর্ষাল না ডায়মন্ড হারবারে। দেদার ছাপ্পা এখানে হয়েছে। কোন সেটিংয়ে ডায়মন্ড হারবারের বেলায় কমিশন নির্বাক হয়ে রইল?” যদিও ভোটপর্ব শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে।