Police Observer Controversy: হোটেলে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীদের গোপন বৈঠক! অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
BJP secret meeting allegation: অভিযোগ, সরকারি আবাসনের সুযোগ থাকা সত্ত্বেও হোটেলে থেকে এই বৈঠক করা নির্বাচন আচরণবিধির পরিপন্থী। তাদের দাবি, একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের এমন বৈঠক, ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এবং পক্ষপাতিত্বের ইঙ্গিত দিচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনা: ভোটের মুখে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীদের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। পাশাপাশি পুলিশ পর্যবেক্ষককে অবিলম্বে অপসারণের দাবিও জানিয়েছে শাসক নেতৃত্ব। তবে অভিযোগ মানতে নারাজ বিজেপি। তাদের পাল্টা দাবি, প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি এলাকায় এলাকায় বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেওয়া হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোন সাহায্য মিলছে না। বাধ্য হয়ে অভিযোগ জানাতে পুলিশ অবজারভারের দারস্ত হতে হয়েছে।
বিতর্কের সূত্রপাত
তৃণমূল সূত্রের খবর, নির্বাচন ঘোষণা হওয়ার পর ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট পূর্ব ও পশ্চিম বিধানসভার জন্য দায়িত্ব নেন ওই পুলিশ পর্যবেক্ষক। অভিযোগ, সোমবার ডায়মন্ড হারবারের একটি আবাসিক হোটেলের কক্ষে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে বৈঠক করেন তিনি।
তৃণমূলের বক্তব্য
অভিযোগ, সরকারি আবাসনের সুযোগ থাকা সত্ত্বেও হোটেলে থেকে এই বৈঠক করা নির্বাচন আচরণবিধির পরিপন্থী। তাদের দাবি, একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের এমন বৈঠক, ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এবং পক্ষপাতিত্বের ইঙ্গিত দিচ্ছে। ডায়মন্ড হারবার এর তৃণমূল প্রার্থী পান্নলাল হালদার বলেন, “বিজেপি প্রার্থীদের সঙ্গে একান্তে এই গোপন বৈঠক নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। ক্ষমতার অপব্যবহার করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। অবিলম্বে ওই পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তি নিয়োগ করতে হবে।”
বিজেপির বক্তব্য
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী দীপক হালদার। তিনি বলেন, “আমরা বিভিন্ন জায়গায় প্রচারে বাধার মুখে পড়ছি। তৃণমূলের কর্মীরা বাধা দিচ্ছে। পুলিশকে জানিয়েও কোন সাহায্য পাচ্ছি না। সেই অভিযোগ জানাতেই আমরা পর্যবেক্ষকের সঙ্গে দেখা করেছি। এসব নিয়ে জল ঘোলা করে তৃণমূলের কোনও লাভ হবে না।”
