Canning TMC leader: আবাসে ৪ লক্ষ ‘কাটমানি’, চাপের মুখে গুনে গুনে টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা
Awas Yojana corruption: অভিযোগ, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে এলাকার প্রায় ৪০ জনেরও বেশি উপভোক্তার কাছ থেকে নিয়ম করে টাকা তুলেছিলেন মিলন হালদার। কারও কাছ থেকে ১৫ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার, ২০ হাজার আবার কারও কাছ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছিল।

ক্যানিং: তৃণমূল (TMC) জমানায় বিভিন্ন প্রকল্পে বারবার কাটমানি নেওয়া অভিযোগ উঠেছে। বিশেষ করে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির (Awas Yojana Corruption) অভিযোগ ওঠে। পালাবদলের পর থেকে চাপের মুখে পড়ে কাটমানি ফেরত দেওয়ার হিড়িক বেড়েছে তৃণমূল (TMC) নেতাদের মধ্যে। কোচবিহার, পূর্ব বর্ধমানে এই নজির আগেই দেখা গিয়েছে। এবার ক্যানিংয়েও একই ছবি। আবাস যোজনার কাটমানি ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মালিরধার এলাকার ঘটনা।
১০ হাজার থেকে ২০ হাজার ‘কাটমানি’
অভিযুক্ত ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম মিলন হালদার। তিনি স্থানীয় বিধায়ক পরেশরাম দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে এলাকার প্রায় ৪০ জনেরও বেশি উপভোক্তার কাছ থেকে নিয়ম করে টাকা তুলেছিলেন মিলন হালদার। কারও কাছ থেকে ১৫ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার, ২০ হাজার আবার কারও কাছ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছিল।
৩৩ জনকে টাকা ফেরত তৃণমূল নেতার
রবিবার স্থানীয় একটি ক্লাবে টাকা ফেরত দেওয়া হয়। ওই ক্লাবে প্রায় ৩৩ জন উপভোক্তা উপস্থিত ছিলেন। দেখা যায়, রীতিমতো খাতা পেন নিয়ে বসে হিসেব করে একে একে সব উপভোক্তাদের টাকা ফেরত দিচ্ছেন ওই তৃণমূল নেতা। সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ কাটমানি ফিরিয়ে দেন গ্রামবাসীদের। টাকা ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এদিকে, ঘটনা সামনে আসতেই তৃণমূল জমানার দুর্নীতি নিয়েও ফের সুর চড়িয়েছে বিজেপি।
