Suvendu Adhikari: সীমান্তে কাঁটাতারের কাজ কতদূর? বিশেষ নজর মালদহ-মুর্শিদাবাদের সীমান্তে! নবান্নে BSF-এর ডিজির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari-BSF Meeting: বিএসএফ সূত্রে খবর, এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে মালদহ ও মুর্শিদাবাদের সীমান্ত পরিস্থিতি। এই দুই জেলার যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই, সেখানে নজরদারি কতটা জোরদার করা হয়েছে, তা জানতে চান মুখ্যমন্ত্রী। ওই এলাকাগুলিতে বিএসএফের অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তাঁকে বিস্তারিত তথ্য দেন ডিজি।

কলকাতা: সীমান্ত নিরাপত্তা নিয়ে তৎপর রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে বিএসএফের (BSF) ডিজি প্রবীণ কুমারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠকে রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের অগ্রগতি এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও জোরদার করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। বিশেষ করে মালদহ ও মুর্শিদাবাদের কাঁটাতারবিহীন সীমান্ত নিয়ে বিএসএফের ডিজির কাছ থেকে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।
কী কী বিষয়ে আলোচনা বৈঠকে?
সূত্রের খবর, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই যে জমি দেওয়া হয়েছে, সেখানে কাজ কতটা এগিয়েছে, তা জানতে চান মুখ্যমন্ত্রী। কোথায় কাঁটাতার দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে, কোথায় এখনও কাজ বাকি রয়েছে, কোনও জায়গায় জমি সংক্রান্ত বা অন্য কোনও সমস্যা রয়েছে কি না, সেই সমস্ত বিষয়ে বিএসএফের ডিজির সঙ্গে আলোচনা করেন তিনি।
বৈঠকে সীমান্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য জমি দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানান বিএসএফের ডিজি প্রবীণ কুমার। তাঁর বক্তব্য, রাজ্যের এই সহযোগিতার ফলে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব হবে। পাশাপাশি, যেখানে সম্ভব কাঁটাতারের বেড়ার ফাঁকফোকর বন্ধ করার কাজও সহজ হবে।
মালদহ-মুর্শিদাবাদ নিয়ে বিশেষ আলোচনা
বিএসএফ সূত্রে খবর, এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে মালদহ ও মুর্শিদাবাদের সীমান্ত পরিস্থিতি। এই দুই জেলার যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই, সেখানে নজরদারি কতটা জোরদার করা হয়েছে, তা জানতে চান মুখ্যমন্ত্রী। ওই এলাকাগুলিতে বিএসএফের অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তাঁকে বিস্তারিত তথ্য দেন ডিজি। শুধু মালদহ বা মুর্শিদাবাদ নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার সীমান্ত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার সীমান্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে একটি বিশেষ রিপোর্ট জমা দিয়েছে রাজ্য পুলিশ। সেই রিপোর্টে সীমান্তবর্তী কয়েকটি গ্রামে উস্কানিমূলক কার্যকলাপ বৃদ্ধির আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র দফতরের রিপোর্টেও সীমান্তের ওপার থেকে পরিস্থিতি অশান্ত করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বলে সূত্রের দাবি। এই বিষয়টি নিয়েও এদিন বিএসএফের ডিজির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর।
