Voter Attacked by Police: ‘ভোট দিয়ে গল্প করছিলাম…হঠাৎ মারতে শুরু করল’, পুলিশের বিরুদ্ধে অভিযোগ ভোটারের
WB Assembly Election 2026: ঘটনার সূত্রপাত একটি অভিযোগকে কেন্দ্র করে। বিনা কাগজপত্রে বুথে এজেন্ট বসেছিল। বাইরে থেকে লোক এনে বুথে বসানো হয়েছে। প্রতিবাদ করেন আক্রান্ত ওই ব্যক্তি। বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানান। কাগজপত্র খতিয়ে দেখেন প্রিসাইডিং অফিসার। তারপরই ওই বুথ এজেন্টকে বাইরে বের করে দেওয়া হয়। এমনই দাবি ওই ব্যক্তির। ঘটনার পর তিনি বাড়ি ফিরে আসেন।

ঝাড়গ্রাম : ভোটারদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ভোট দেওয়ার পরে মারধর করা হয় বলে অভিযোগ। ঝাড়গ্রামের জামবনী ব্লকের ২৪৯ বুথের ঘটনা। অভিযোগ, পুলিশ ঘরে ঘরে ঢুকে ধমকাচ্ছে। ঘর থেকে বের হতে দিচ্ছে না বলে অভিযোগ তোলেন গ্রামবাসী। এদিকে, ঘটনায় সরব হয়েছে বিজেপি। তাঁদের অভিযোগ, বিজেপি করায় বেছে বেছে মারধর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
অভিযোগ, বিনপুর বিধানসভার জামবনী ব্লকের কুলডিহা, কানিমহুলি গ্রামে ঢুকে ঘরে ঘরে গিয়ে ধমকাচ্ছে জামবনী থানার পুলিশ। ঘর থেকে বের হতে দিচ্ছে না বলেই অভিযোগ করেন গ্রামবাসীরা। বিনা প্ররোচনায় প্রায় চার পাঁচজনের উপর লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় চিলকিগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত একটি অভিযোগকে কেন্দ্র করে। বিনা কাগজপত্রে বুথে এজেন্ট বসেছিল। বাইরে থেকে লোক এনে বুথে বসানো হয়েছে। প্রতিবাদ করেন আক্রান্ত ওই ব্যক্তি। বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানান। কাগজপত্র খতিয়ে দেখেন প্রিসাইডিং অফিসার। তারপরই ওই বুথ এজেন্টকে বাইরে বের করে দেওয়া হয়। এমনই দাবি ওই ব্যক্তির। ঘটনার পর তিনি বাড়ি ফিরে আসেন।
ভোট দেওয়ার পর বাড়িতেই ছিলেন। ব্যক্তির দাবি, গল্পগুজব করছিলেন। হঠাৎই, পুলিশ এসে তাঁর উপর আক্রমণ করেন। কোনও কথা না শুনেই মারধর করতে শুরু করেন। তারপরই আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ, বেছে তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এমনকী ঘরে ঢুকে গ্রামবাসীদের ভয় দেখানোরও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় জামবনীর কানিমহুলিতে। ঘটনাস্থলে পৌঁছয় সিআরপিএফের কিউআরটি টিম। গ্রামবাসীকে ভোট দানে আশ্বস্ত করতে মাইকিংও করেন জওয়ানরা।
