
কলকাতা : আজও বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে বিধায়কদের। বুধবারও বিধানসভায় বেশ কয়েজন বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। আজ শপথগ্রহণের দ্বিতীয় দিন। জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার মোট ১১টি জেলার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। শপথ নেবেন ১৫০ বিধায়ক। বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, আজই বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্নেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, আজ উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করবে বোর্ড। সেদিকেও নজর থাকবে। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
আগেই রাজ্য সরকারের তরফ আইনশৃঙ্খলা থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রের জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল । আজ ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আইনশৃঙ্খলা, শব্দ দূষণ ও জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কড়া অবস্থান নিলেন। বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে সব জেলার পুলিশ সুপার, কমিশনারেটের কমিশনার-সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে নিয়ম ভেঙে মাইক বাজানো যাবে না। শব্দ বিধি কঠোরভাবে কার্যকর করতে হবে।
রাজ্যের কলেজে ভর্তি নিয়ে অভিযোগের শেষ নেই! টাকা নিয়ে কলেজে ভর্তি রীতিমতো প্রথা হয়ে উঠেছিল। গত বছর কেন্দ্রীয় পোর্টালে ভর্তি হওয়ায় দালালদের বাড়বাড়ন্ত কিছুটা কমেছিল। তবু চোরাগোপ্তা টাকার বিনিময়ে ভর্তি হয়েছে বলে অভিযোগ। এবার নতুন সরকার এসে জারি করল সেন্ট্রালাইজড কলেজে ভর্তির ক্ষেত্রে কড়া নির্দেশিকা। শুধুমাত্র মেধার ভিত্তিতেই ভর্তি, সাফ বার্তা বিজ্ঞপ্তিতে। কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের শারীরিকভাবে উপস্থিতির কোনও প্রয়োজন নেই, সাফ জানাল শিক্ষা দফতর।
২০২৪ সালের অগস্ট মাসে বিজ্ঞপ্তি হলেও আটকে ছিল পরীক্ষার দিন ঘোষণা। পালাবদলের পর ঘোষণা হল WBCS পরীক্ষার দিন। ২ বছরের সমস্যা কাটল এক সপ্তাহে। ১৪ জুন পরীক্ষা হবে ২৩ জেলার ২৫ জেলা সেন্টারে। ৪ জুন থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।
কলেজের গভর্নিং বডির পর এবার ভেঙে দেওয়া হল সব স্কুলের পরিচালন কমিটি। এখন থেকে কোনও স্কুলে আর পরিচালন কমিটি রইল না। পরিবর্তে প্রত্যেক স্কুলে ডিডিও বসানোর সিদ্ধান্ত। ডিডিও হবেন স্কুলের দায়িত্বে থাকা কোনও অফিসার। তিনিই এখন থেকে স্কুল পরিচালনার দায়িত্বে। বিদ্যালয়েক প্রধান শিক্ষক ও ডিডিও স্কুল চালাবেন।
পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতরের অধীন সমস্ত স্কুলে, ক্লাস শুরুর আগে প্রার্থনা পর্বে ‘বন্দে মাতরম’ গাওয়া অবিলম্বে বাধ্যতামূলক করা হল। এতদিনের সমস্ত পূর্ববর্তী নির্দেশ ও প্রচলিত প্রথাকে বাতিল করে এই নির্দেশ জারি করা হয়েছে।
উচ্চমাধ্যমিকের (Higher Secondary Result 2026) কৃতীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ভিডিয়ো কলে প্রথম স্থানাধিকারী আদৃত পালের (Adrit Pal) সঙ্গে কথা বলেছেন তিনি। কথা হয়েছে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম ও পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সঙ্গেও। পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলেন কৃতিদের বাবা-মায়ের সঙ্গেও। উচ্চ-মাধ্যমিকে প্রথম আদৃত পালের বাবা শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোরও অনুরোধ করেছেন।
ভোট পরবর্তী পরিস্থিতি, বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে হাইকোর্টে মামলা। বৃহস্পতিবার সেই মামলায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে মমতাকে দেখেই ‘চোর চোর’ স্লোগান। মমতাকে দেখে আইনজীবীদেরই একাংশ স্লোগান দিতে থাকেন, ‘পিসি চোর, ভাইপো চোর।’
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁর একটি ভিডিয়োকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সেই ইস্যুতেই ওই বিধায়কের পৈলানের বাড়িতে হানা দিয়েছেন পুলিশ।
নতুন সরকার গঠনের পরই বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি দোকানপাট-নির্মাণ। এবার এই বুলডোজার নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা । হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। এই মামলায় সওয়াল করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে মামলার একগুচ্ছ কাগজ। এজলাসে তখন তিল ধারণের জায়গা নেই।
তিলজলায় (Tiljala) একটি গুদামে আগুন ধরে গিয়ে মৃত্যু হয়েছিল দু’জনের। আহত হয়েছিলেন একাধিক। সেই ঘটনায় পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই ঘটনায় বড় পদক্ষেপ। সূত্রের খবর, প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি তথা স্টেশন অফিসার গৌতম দাসকে (Gautam Das) সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দমকল দফতর।
দিলীপ ঘোষ বলেন, “দাম বাড়বে। আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ছে। সেই সঙ্গে দুধের কোয়ালিটি যাচাই করতে হবে। মাঝে একবার কোয়ালিটি পরীক্ষা হয়েছিল। অনেকগুলো প্রোডাক্ট পাস করতে পারেনি। দুধ স্বাস্থ্যের জন্য খাওয়া হয়। নানারকম কেমিক্যাল মেশানো হচ্ছে। এগুলো কতটা ক্ষতিকারক সেটাও যাচাই হবে। যথাসম্ভব কম মূল্যবৃদ্ধি করে গুণমানে নজর দেব। আগের সরকারের উদ্দেশ্য জনহিত ছিল না। আমরা সেটাও চেষ্টা করব।”
নিয়মের বাইরে যে কাজ হবে, তার বিরুদ্ধে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক সিদ্ধান্তে সেটা পরিষ্কার করে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হেলমেট পরা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।হেলমেট না পরার অভিযোগে সোম ও মঙ্গল মিলিয়ে ২ হাজার ৬৬১ টি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। নতুন সরকারের সোজা কথা, আইন মানো সুখে থাকো।
কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পল। তিনি বলেন, “আমি শুনছিলাম এত দিন লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের মাধ্যমে হয়েছে। তবে অন্নপূর্ণা ভান্ডার পুরোটাই অনলাইনে করতে হবে। সমস্ত মানুষ যাতে অনলাইনেই আবেদন করতে পারেন সেটা দেখা হবে। যিনি ক্লাস ওয়ান পাস কিংবা ক্লাস পাস করেছেন বা হয়ত শিক্ষার আলোই দেখেননি তাঁদেরও কোনও অসুবিধা হবে না। এতটাই সহজ ভাবে অনলাইনে আবেদনের পদ্ধতি করা হবে।”
আজ উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল সাড়ে দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হবে। এরপর ১১টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে।
আজ বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এদিন, ১৫০ জন শপথ নেবেন বিধায়করা। বিধানসভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।