China Earthquake: ৫.১ মাত্রার ভূমিকম্প চিনে, আশঙ্কা সত্যি করে ফাটল লেক, সম্পূর্ণ ধুয়ে যাবে নেপাল?
Nepal Disaster Threat: চিনের সংবাদসংস্থা সূত্রে খবর, আজ, শুক্রবার চিনের সিচুয়ান প্রদেশের লংচ্যাং শহরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। ইতিমধ্যেই নেপালকে সতর্কতা পাঠিয়েছে চিন। নেপালের রসুয়া জেলাতেই বিপর্যয়ের আশঙ্কা।

সাংহাই: বিপদের আশঙ্কা আগেই করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হল। নেপালে বিপর্যয়ের মধ্যেই আজ চিনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। চিনের ভূমিকম্পে বিপদ আরও বাড়ল নেপালের। কারণ আশঙ্কা সত্যি করে সেখানে ফাটল লেক।
চিনের সংবাদসংস্থা সূত্রে খবর, আজ, শুক্রবার চিনের সিচুয়ান প্রদেশের লংচ্যাং শহরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। বেজিংয়ের স্থানীয় সময় অনুযায়ী, দুপুর ১টা ১৩ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। চিনের তরফে এখনও ক্ষয়-ক্ষতির তথ্য জানানো হয়নি। তবে আশেপাশে চেঙ্গডু ও চোঙ্গকুং-এও কম্পন অনুভূত হয়েছে।
এই ভূমিকম্পের জেরেই চিনের একটি লেক ফেটে যায়। তিব্বত সীমান্তের কাছে চোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সঙ্গমস্থলে লেক ফাটার খবর মিলেছে। এই লেক ফেটে জল ঢুকে যেতে পারে নেপালে। গত ২৬ অগস্ট চিন-তিব্বত সীমান্তে হিমবাহ ভেঙে বিপর্যয় নেমে আসে নেপালে। ওই হিমবাহ ভাঙার পরই একটি অস্থায়ী লেক তৈরি হয়েছিল। সেই লেক ভাঙলে, আরও বিপর্যয় হওয়ার আশঙ্কা আগেই করা হয়েছিল। আজ সত্যিই সেটা হল।
নেপাল পুলিশ জানিয়েছে, তিব্বতের দিকে লেক থেকে জল উপচে আসছে। ইতিমধ্যেই নেপালকে সতর্কতা পাঠিয়েছে চিন। নেপালের রসুয়া জেলাতেই বিপর্যয়ের আশঙ্কা। ফের হড়পা বানের আশঙ্কায় তিব্বত-চিন সীমান্তে উদ্ধারকাজ বন্ধ করল চিন। নেপালেও পুলিশ কর্মী, নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দলকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত বন্ধ রয়েছে উদ্ধারকাজ।
