Imran Khan Death Rumours: ইমরান খানের মৃত্যুর জল্পনা আরও বাড়িয়ে দিল ছেলের পোস্ট, কী লিখেছেন?
Pakistan: কাশিম লেখেন, "বিগত ছয় সপ্তাহ ধরে বাবাকে ডেথ সেলে রাখা হয়েছে, সকলের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁর বোনেদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। কোনও ফোন নেই, সাক্ষাৎ নেই, কেমন আছে, তা নিয়েও কোনও খবর নেই।"

ইসলামাবাদ: ইমরান খানকে ঘিরে রহস্য বেড়েই চলেছে। সত্যিই কি জেলে মারা গিয়েছেন ইমরান নাকি বেঁচে আছেন তিনি? এক আফগান মিডিয়া প্রথম দাবি করে যে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে খুন করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। এরপরই জল্পনা, বিক্ষোভ- সব শুরু হয়। এবার ইমরান খানের ছেলে কাশিম খান বিরাট দাবি করলেন। ইমরান খান যে জীবিত রয়েছেন, তার প্রমাণ চাইলেন। একইসঙ্গে ইমরানের মুক্তির দাবি করলেন।
এক্স হ্যান্ডেলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে কাশিম খান পোস্ট করে লেখেন, ৮৪৫ দিন ধরে আমার বাবা জেলে রয়েছেন। বিগত দেড় মাস ধরে তাঁকে কালকুঠুরিতে রাখা হয়েছে, পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
কাশিম লেখেন, “বিগত ছয় সপ্তাহ ধরে বাবাকে ডেথ সেলে রাখা হয়েছে, সকলের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁর বোনেদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। কোনও ফোন নেই, সাক্ষাৎ নেই, কেমন আছে, তা নিয়েও কোনও খবর নেই। আমি ও আমার ভাইও বাবার সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারছি না।”
میرے والد کو گرفتار ہوئے 845 دن ہو چکے ہیں۔ پچھلے چھ ہفتوں سے انہیں مکمل بے خبری کے ماحول میں ڈیتھ سیل میں تنہا رکھا گیا ہے۔ ان کی بہنوں کو ہر ملاقات سے روک دیا گیا ہے حالانکہ عدالت کے واضح احکامات موجود ہیں۔ کوئی فون کال نہیں، کوئی ملاقات نہیں اور زندگی کی کوئی خبر نہیں۔ میں اور… pic.twitter.com/c0dhujWiSO
— Kasim Khan (@Kasim_Khan_1999) November 27, 2025
ইমরান পুত্রের দাবি, ইমরান খানকে এভাবে সম্পূর্ণ অন্ধকারে রাখা মোটেও সিকিউরিটি প্রোটোকলের অংশ নয়। বাবার স্বাস্থ্যের অবস্থা গোপন করার জন্য এবং পরিবারকে তাঁর অবস্থা জানতে না দেওয়ার জন্যই করা হচ্ছে। আমার বাবার সুরক্ষা এবং তাঁকে এমন অমানবিক নির্বাসনের জন্য পাকিস্তানি সরকার ও এর কর্তারাই দায়ী থাকবে।
আন্তর্জাতিক মহলের কাছেও সাহায্য চান কাশিম। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে হস্তক্ষেপের আবেদন জানান। ইমরান খান আদৌ বেঁচে আছেন কি না, তার প্রমাণ চেয়েছেন কাশিম। একইসঙ্গে দেখা করতে এবং জেলে নির্বাসন থেকে মুক্তির জন্য আবেদন জানিয়েছেন।
অন্যদিকে, ইমরানের বোন আলিমা খানুমও জানিয়েছেন যে ইমরানের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “বিগত ৬-৭ মাস ধরেই অনেক সমস্যা তৈরি করছে ওরা। কখনও দেখা করতে দিত, কখনও আবার আমাদের মধ্যে কোনও এক বোনকে দেখা করতে দিত, আবার কখনও কাউকেই দেখা করতে দিত না। কখনও কখনও আমরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হত।”
প্রসঙ্গত, ইমরান খানের মৃত্যুর খবর রটে যাওয়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তান। আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ দেখান পিটিআই কর্মী-সমর্থকরা। পুলিশ তাদের ব্যাপক মারধরও করে। আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খান সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তাঁর মৃত্যুর খবর ভিত্তিহীন।
