AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AFC Champions League 2: জর্ডনে হল না ইতিহাস, নিজেদের ভুলে জেতা ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল!

East Bengal FC: বর্তমানে দারুন সুসময় চলছে ইস্টবেঙ্গলের। এসিএল টু-র যোগ্যতা অর্জন পর্বে আল আরবিকে ঘরের মাঠে ৪-১ উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। সদ্যই এসেছে ডুরান্ড কাপও। ফলে এই ম্যাচ নিয়ে প্রত্যাশা ছিল অনেক।

AFC Champions League 2: জর্ডনে হল না ইতিহাস, নিজেদের ভুলে জেতা ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল!
ইস্টবেঙ্গল এফসিImage Credit: Facebook/@East Bengal
| Edited By: | Updated on: Sep 17, 2026 | 11:45 AM
Share

কলকাতা : কপাল হয়ত একেই বলে। জেতা ম্যাচ হাতছাড়া করল ইস্টবেঙ্গল। সুদূর জর্ডনে ইস্টবেঙ্গলের পতাকা তুলে ধরার চূড়ান্ত সুযোগ পেয়েও ছেড়েই আসতে হল দলকে। এশিয়ার মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করে জেতা ম্যাচ ড্র করে ফিরলেন এডমুন্ডরা। তাও আবার সেই প্রতিপক্ষের বিরুদ্ধে, যাদের দলে খেলেছেন একাধিক বিশ্বকাপার। ফলে, ১ পয়েন্ট নিয়েই জর্ডন থেকে ফিরছে লাল-হলুদ।

বর্তমানে দারুন সুসময় চলছে ইস্টবেঙ্গলের। এসিএল টু-র যোগ্যতা অর্জন পর্বে আল আরবিকে ঘরের মাঠে ৪-১ উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। সদ্যই এসেছে ডুরান্ড কাপও। ফলে এই ম্যাচ নিয়ে প্রত্যাশা ছিল অনেক। এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলের উপর ছিল জর্ডনের প্রতিকূল পরিস্থিতিতে ম্যাচ। বিপক্ষ দলের সমর্থকদের সামনে নিজেদের প্রমাণের তাগিদ যেমন ছিল, তেমন ছিল জয়ের ইচ্ছে। সত্যি বলতে, প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে লাল-হলুদ। তখন হাবাসের দলকে দেখে মনে হচ্ছিল, সত্যিই অপ্রতিরোধ্য লাগছে দলকে। মাঠে তখন ফুল ফোটাচ্ছে ইস্টবেঙ্গল। ৯ মিনিটের মাথায় দানি রামিরেজ দুরন্ত গোল করে এগিয়ে দেন লাল-হলুদকে। ৩৩ মিনিটে গোল করলেন আনোয়ার। ফলে হাফ টাইমেই ২-০ এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েছিলেন আনোয়াররা। বারবার আক্রমণ করে জর্ডনের দলের বুকে কাঁপন ধরাচ্ছিলেন রশিদরা।

তবে দ্বিতীয়ার্ধে দারুন কামব্যাক করে আল হুসেইন। বারবার পরীক্ষা দিতে হয়েছে ইস্টবেঙ্গলের রক্ষণকে। চাপ বাড়াতে শুরু করে আল হুসেইন। ফলে যে দল প্রথমার্ধে আক্রমণ করে যাচ্ছিল, সেই দলকেই ডিফেন্সে নেমে আসতে হল। যার ফল চোকাতে হল ইস্টবেঙ্গলকে। ৬১ মিনিটে আল হুসেইনের আলমারদি গোল শোধ করেন। ৮৭ মিনিটে আবার গোল। এবার আহমেদ আসাফ। ২-২ গোলে শেষ হল ম্যাচ। ফলে জর্ডন থেকে ১ পয়েন্ট নিয়েই ফিরতে হবে হাবাসের দলকে।

Follow Us