
ঢাকা: বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে, ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার। কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তা? তার লেশমাত্র নেই ওপার বাংলায়। নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে যখন নিরাপত্তার চাদর মোড়া হয়েছে, সেখানেই খুন হতে হল আরও এক সংখ্য়ালঘু হিন্দুকে।
বাংলাদেশে ভোটের আগের দিনই খুন এক হিন্দু যুবক। ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের সিলেটে মৌলভীবাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত যুবকের নাম রতন সাহুকার। পেশায় চা শ্রমিক ছিল বছর আঠাশের যুবক। বুধবার সকাল ১০টা নাগাদ তাঁর দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাত-পা বাঁধা ছিল ওই যুবকের। যখন দেহ উদ্ধার হয়, তখনও ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছিল। রতনের সহকর্মীদের দাবি, তাঁকে খুন করা হয়েছে।
ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যক্তিগত শত্রুতায় খুন নাকি ভোটের হিংসার বলি হতে হল রতনকে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত খুনের কারণ জানানো হয়নি পুলিশের তরফে।
গতকালই ময়মনসিংহেও এক হিন্দু ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম সুষেণচন্দ্র সরকার (৬২)। পেশায় তিনি চালের ব্যবসায়ী। দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করে এবং দেহ দোকানের ভিতরে লুকিয়ে রেখে যায়। লক্ষাধিক টাকা চুরি গিয়েছে তাঁর দোকান থেকে।