Tarique Rahman: সোনা-দানা তেমন নেই, পকেটে নগদ কত? বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পত্তি জানলে অবাক হবেন…

Bangladesh Election Results 2026: তারেক রহমানের নামে বর্তমানে কোনও ফৌজদারি মামলা নেই। ২০০৪ সাল থেকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মোট ৭৭টি মামলার সবকটিই  ধাপে ধাপে নিষ্পত্তি হয়ে গিয়েছে। কোনওটিতে তিনি খালাস হয়ে গিয়েছেন, কোনও মামলা প্রত্যাহার, বা কোনও মামলা খারিজ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি মামলা থেকে অব্যাহতিও পেয়েছেন তারেক।

Tarique Rahman: সোনা-দানা তেমন নেই, পকেটে নগদ কত? বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পত্তি জানলে অবাক হবেন...
ফাইল চিত্রImage Credit source: PTI

|

Feb 13, 2026 | 11:09 AM

ঢাকা: বাংলাদেশে পালাবদল। ভোটের ফল আগাম আভাস দিচ্ছে যে সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। প্রায় দুই দশক পরে ক্ষমতায় ফিরছে বিএনপি। ইতিমধ্যেই তাদের জোট সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা পার করে গিয়েছে। বিএনপির সরকারে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, এ কথা স্পষ্ট। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফেরা, আর দেড় মাসের মধ্য়েই নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান। তাঁর সম্পত্তি কত জানেন?

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ঘটনা। তারপর জামিনে মুক্তি পেতেই চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন চলে গিয়েছিলেন তারেক। আর ফেরেননি। দীর্ঘ ১৭ বছর স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে গত বছরের ডিসেম্বর মাসের ২৫ তারিখ বাংলাদেশে ফেরেন তারেক রহমান। সেই সময় মৃত্যুশয্যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। ঠিক ৫ দিন পরই মৃত্যু হয় বিএনপি নেত্রীর। দলের দায়িত্বভার বর্তায় তারেক রহমানের কাঁধে।

বাংলাদেশে ফেরার পর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তারেক। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হন। দুই আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী পদে তিনিই বসবেন বলে শোনা যাচ্ছে।

তারেক রহমানের সম্পত্তি-

নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫৭ বছর বয়সী তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ মোট ১ কোটি ৯৭ লাখ টাকা। তার ব্যাঙ্কে জমা অর্থ, সোনা গহনা, আসবাব- সব মিলিয়ে ১ কোটি ৯৩ লক্ষ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি আছে। এর মধ্যে শেয়ার থেকে আয়ও রয়েছে বিপুল।

তারেকের ব্যাঙ্কে জমা অর্থ ও নগদ মিলিয়ে ৩১ লাখ ৫৮ হাজার টাকা আছে। শেয়ার আছে সাড়ে ৬৮ লক্ষ টাকার। ফিক্সড ডিপোজিট রয়েছে ৯০ লাখ ২৪ হাজার টাকা।  অন্যান্য আমানত ১ লাখ ২০ হাজার টাকার। আসবাবের মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

স্থাবর সম্পত্তিও বিপুল। তারেক রহমানের দুই একরের বেশি জমি রয়েছে, যা কেনার সময় দাম ছিল ৩ লাখ ৪৫ হাজার টাকা।

তারেক রহমান ও তাঁর স্ত্রী-কন্যার নামে কোনও ঋণ নেই। ২০২৫-২৬ অর্থবর্ষে আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা।

অন্যদিকে, তারেক রহমানের নামে বর্তমানে কোনও ফৌজদারি মামলা নেই। ২০০৪ সাল থেকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মোট ৭৭টি মামলার সবকটিই  ধাপে ধাপে নিষ্পত্তি হয়ে গিয়েছে। কোনওটিতে তিনি খালাস হয়ে গিয়েছেন, কোনও মামলা প্রত্যাহার, বা কোনও মামলা খারিজ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি মামলা থেকে অব্যাহতিও পেয়েছেন তারেক।

মামলাগুলির বড় অংশই দায়ের হয়েছিল ২০০৪, ২০০৭, ২০১৪ ও ২০১৫ সালে। ২০০৭ সালের মার্চে জারি হওয়া জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় করা একটি মামলা ২০০৯ সালের ১৬ এপ্রিল খারিজ ও বেকসুর খালাসের মাধ্যমে নিষ্পত্তি হয়।

হলফনামা অনুযায়ী, তারেক রহমান ৪২টি মামলায় খালাস পেয়েছেন মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে। এ ছাড়া ২০১৪ সালে একটি, ২০১৫ সালে তিনটি, ২০১৬ সালে আটটি, ২০১৭ সালে ছয়টি, ২০১৮ সালে চারটি, ২০১৯ সালে পাঁচটি, ২০২০ সালে একটি, ২০২১ সালে একটি এবং ২০২২ সালে পাঁচটি মামলায় খালাস পান তিনি।