Bangladeshi MP murder: মুখ খুললেন খুন হওয়া বাংলাদেশি সাংসদের মেয়ে, ‘ওরা এর আগেও…’
Bangladeshi MP murder: মুখ খুললেন কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সাংসদ, আনোয়ারুল আজীম আনারের মেয়ে, মুমতারিন ফেরদৌস ডরিন। খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার হত্যার বিচার করতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি।

ঢাকা: কলকাতার নিউটাউনে বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজীম আনারের খুনের ঘটনায় ইতিমধ্যেই দোষীদের চিহ্নিত করেছে পুলিশ। বাংলাদেশ এবং কলকাতা পুলিশ, এই খুনের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। ঘটনার মূল চক্রী, আখতারুজ্জামান শাহীন পুলিশের চোখে ধোকা দিয়ে পালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশে গ্রেফতার হয়েছে শাহীনের বেয়াই তথা এই হত্যার অন্যতম চক্রী, সৈয়দ আমানুল্লাহ। এবার এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন নিহত সাংসদ আনোয়ারুল আজীম আনারের মেয়ে, মুমতারিন ফেরদৌস ডরিন। তাঁর দাবি, তাঁর বাবাকে খুন করেছে পেশাদার খুনিরা।
কর্মসূত্রে তিনি ঢাকায় থাকেন। বৃহস্পতিবার রাতে, ঢাকা থেকে তিনি ঝিনাইদহের পৈত্রিক বাড়িতে এসেছেন। শুক্রবার (২৪ মে) সকালে, মুমতারিন ফেরদৌস ডরিন তাদের বাসভবন থেকেই এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, “আমার বাবাকে হত্যার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তারা এর আগে আরও অনেক নিরীহ মানুষকে খুন করেছে। তারা এই অঞ্চলের পেশাদার খুনি। তাদের আগের রেকর্ড দেখলেই সব বেরিয়ে আসবে।”
খুনিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন তিনি। ডরিন বলেন, “খুনিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যাতে আমার মতো আর কেউ বাবাকে না হারায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবা হত্যার বিচার করেছেন। আমি বিশ্বাস করি, তিনি আমার বাবা হত্যার বিচারও করতে পারবেন।” কলকাতায় এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন আনোয়ারুল আজীম। ডরিন জানিয়েছেন, সেই সময় বাবাকে খুঁজে পেতে সহযোগিতা পেয়েছেন প্রশাসনের। এবার বাবার মরদেহ খুঁজে পেতেও প্রসাসনের সাহায্য চাইছেন তিনি। ডরিন বলেন, “এখন আমি আমার বাবার মরদেহ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাই।”
