Donald Trump: হোয়াইট হাউসে দীপাবলি সেলিব্রেশন, প্রদীপ জ্বালালেন ট্রাম্প, উপহারে পেলেন হনুমান চালিশা
White House Diwali Celebration: অনুষ্ঠানের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন GOQii-র প্রতিষ্ঠাতা বিশাল গন্ডাল। তিনি জানিয়েছেন, দীপাবলি উদযাপনের সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে হনুমান চালিসার একটি কপি উপহার দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গন্ডাল লেখেন, ওভাল অফিসে একসঙ্গে আলোর উৎসব পালন করতে পেরে তিনি সম্মানিত।

ওয়াশিংটন: হোয়াইট হাউসে (White House) দীপাবলি উদযাপনে মাতলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবার ওভাল অফিসে ভারতীয় বংশোদ্ভূত একাধিক উদ্যোগপতি ও বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি। প্রদীপ জ্বালিয়ে উৎসবে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, ভারতীয় প্রতিনিধিদলের তরফে তাঁকে উপহার দেওয়া হয় হনুমান চালিসা।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, বিশিষ্ট শেফ বিকাশ খান্না, উদ্যোগপতি বিশাল গন্ডাল, IBM-এর সিইও অরবিন্দ কৃষ্ণ, FBI ডিরেক্টর কাশ প্যাটেল এবং মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদী।
হনুমান চালিসা উপহার
অনুষ্ঠানের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন GOQii-র প্রতিষ্ঠাতা বিশাল গন্ডাল। তিনি জানিয়েছেন, দীপাবলি উদযাপনের সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে হনুমান চালিসার একটি কপি উপহার দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গন্ডাল লেখেন, ওভাল অফিসে একসঙ্গে আলোর উৎসব পালন করতে পেরে তিনি সম্মানিত। তুলসীদাস রচিত হনুমান চালিসা কোটি কোটি মানুষ সাহস, ভক্তি ও শক্তির জন্য পাঠ করেন বলেও উল্লেখ করেন তিনি।
ভারত-আমেরিকার বন্ধুত্বের জন্য প্রার্থনা
বিশাল গন্ডাল আরও জানান, প্রদীপ জ্বালানোর সময় তাঁর প্রার্থনা ছিল ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হোক। পাশাপাশি অন্ধকারের উপর আলোর জয় হোক। সকলের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেই এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে বড় রদবদলের আবহে দীপাবলি
উল্লেখযোগ্য বিষয়, হোয়াইট হাউসে এই উদযাপন এমন এক সময়ে হল, যখন মার্কিন প্রশাসনে বড়সড় রদবদলের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে ডেপুটি চিফ অফ স্টাফ পদে থাকা স্টিফেন মিলারকে আগামী সোমবার থেকে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সুসি ওয়াইলসের পরিবর্তে এই দায়িত্ব সামলাবেন মিলার। অন্যদিকে, সুসি ওয়াইলস প্রশাসনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেবেন।
