
ঢাকা: গণতন্ত্রের পথে ফিরেছে বাংলাদেশ। জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গড়েছেন তিনি। ইতিমধ্যেই তাদের দায়িত্বও ভাগ করে দিয়েছেন। আবার কঠোর নির্দেশ দিয়েছেন, কোনও মন্ত্রী যেন সরকারি জমি ও কর মুক্ত গাড়ি না নেন। এই সুযোগ-সুবিধা নেবে না বিএনপি। তবে মন্ত্রীদের বেতন নেওয়ায় এমন কোনও নিয়ম-নিষেধাজ্ঞা নেই। বাংলাদেশে মন্ত্রী হলে কত টাকা বেতন পাওয়া যায়?
বাংলাদেশের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন হয় ১ লক্ষ ৫ হাজার টাকা। পাশাপাশি ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলনেতা ও চিফ হুইপরাও সমান বেতন পান। প্রতিমন্ত্রীদের মাসিক বেতন হয় ৯২ হাজার টাকা। উপমন্ত্রীরা পান ৮৬ হাজার ৫০০ টাকা।
বাংলাদেশের মন্ত্রীদের আরও একটি সুবিধা হল, মন্ত্রীদের বেতনের উপরে কোনও আয়কর দিতে হয় না।
মাসিক বেতনের পাশাপাশি দৈনিক ১,৫০০ টাকা ভাতা এবং মাসে ৭,৫০০ টাকা নিয়ামক ভাতা পান। যদি কোনও মন্ত্রী সরকারি বাসভবনে না থাকেন, তাহলে মাসিক ৭০ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বাড়ি ভাড়া বাবদ।
উপমন্ত্রীরা বেতনের পাশাপাশি নিয়ামক ভাতা হিসাবে ৫ হাজার টাকা পান। প্রতিমন্ত্রীদের মতোই সরকারি বাসভবন ও অন্যান্য সুবিধা পান।
বাংলাদেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী- সকলেই নিখরচায় ট্রেন ও বিমানে সফর করতে পারেন। বিমানে ভ্রমণের জন্য ৮ লক্ষ টাকার বিমাও থাকে। এছাড়া নিরাপত্তারক্ষীও দেওয়া হয়।