Poland Protest: সন্ধ্যে ৬টায় পোস্ট, ঘণ্টাখানেকের মধ্যেই জ্বলে উঠল দেশ, মাঝ আকাশ থেকে বিমান ফেরালেন প্রেসিডেন্টও! কী হচ্ছে পোল্যান্ডে?
Poland Situation: পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি ওই সময়ে সেনেগালে যাচ্ছিলেন। দেশে বিক্ষোভের খবর পেয়েই তিনি মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে দেশে ফিরে আসেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, "এই মুহূর্তে প্রেসিডেন্টের পোল্যান্ডে থাকা উচিত। সেই কারণে আমি সেনেগালের সফর কাটছাঁট করে দেশে ফিরে আসছি।"

ওয়ার্শো: সন্ধে ৬টায় আদালতের ওয়েবসাইটে একটা ছোট্ট নোটিস। তাতে লেখা, আদালতের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে সাসপেন্ড করা হয়েছে। এরপর মাত্র কয়েক ঘণ্টা। গোটা দেশ যেন জ্বলে উঠল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে খোদ প্রেসিডেন্টকে মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে দেশে ফিরে আসতে হল। ভয়ঙ্কর পরিস্থিতি পোল্যান্ডে। ক্ষিপ্ত জনতা নামল রাস্তায়। সুরক্ষা দিতে পুলিশ ঘিরে ফেলল আদালত চত্বর।
গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬ টা নাগাদ পোল্যান্ডের কন্সটিটিউশনাল ট্রাইব্যুনালের তরফে আদালতের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় কোর্টের প্রেসিডেন্ট বোগদান শভিয়েচকোভস্কি (Bogdan Swieczkowski) ও ভাইস প্রেসিডেন্ট বার্তোলোমিয়েজ সোখানস্কিকে সাসপেন্ড করা হয়েছে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পরই ওয়েবসাইট ডাউন করে দেওয়া হয়। এদিকে, আদালতের আরেক বিচারপতি আনা কোরভিন-পিওত্রোভস্কা জানান, আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে সাসপেন্ড করা হয়েছে। সবথেকে বেশি সময় বিচারপতি থাকার কারণে তিনিই এবার ট্রাইব্যুনালের নেতৃত্ব দেবেন।
মাঝ পথ থেকে ফিরে এলেন প্রেসিডেন্ট-
পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওরোকি ওই সময়ে সেনেগালে যাচ্ছিলেন। দেশে বিক্ষোভের খবর পেয়েই তিনি মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে দেশে ফিরে আসেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “এই মুহূর্তে প্রেসিডেন্টের পোল্যান্ডে থাকা উচিত। সেই কারণে আমি সেনেগালের সফর কাটছাঁট করে দেশে ফিরে আসছি।”
কী পরিস্থিতি পোল্যান্ডে?
আদালতের সিদ্ধান্তের পরই ক্ষুব্ধ জনতা রাস্তায় নামে। বহু বিক্ষোভকারী আদালত চত্বর ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরই বিপুল পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি এখনও উত্তপ্ত।
