Bank Strike Deferred: তুলে নেওয়া হল ব্যাঙ্ক ধর্মঘট, আজ থেকে খোলা ব্যাঙ্ক, শেষ মুহূর্তে হঠাৎ কীভাবে বদলাল সিদ্ধান্ত?
Bank Strike News: বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এই আলোচনা বা কমিটি গঠনের অর্থ এই নয় যে অবিলম্বে সমস্ত ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিন কাজ ও শনি-রবিবার ছুটি ঘোষণা কর হচ্ছে। এই কমিটিকে কতদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, তার কোনও ডেডলাইন দেওয়া নেই।

নয়া দিল্লি: গ্রাহকদের জন্য বিরাট স্বস্তির খবর। আপাততত স্থগিত করে দেওয়া হল তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘট। ব্যাঙ্ক ইউনিয়নের তরফেই রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঘোষণা করা হয় যে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা স্থগিত করে দেওয়া হল।
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে, আজ সোমবার থেকে ৩০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ছিল, তা আর কার্যকর হবে না। ব্যাঙ্কে স্বাভাবিক পরিষেবাই পাওয়া যাবে। আর্থিক লেনদেন করতে গিয়ে গ্রাহকরাও কোনও সমস্যায় পড়বেন না।
কেন সিদ্ধান্ত বদল?
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন জানিয়েছে, তারা তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কারণ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার প্রস্তাবে রাজি হয়েছে। এই কমিটি পর্যালোচনা করবে যে ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে পাঁচদিন কাজের প্রস্তাবটি গ্রহণ করা সম্ভব কি না। সমস্ত দিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি পারফরম্যান্স ভিত্তিক ইনসেনটিভ স্কিম স্কেল-৪ ও তার উপরের কর্মীদের জন্য চালু করা সম্ভব কি না, সেটাও পর্যালোচনা করে দেখা হবে।
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনও জানিয়েছে, যুগ্ন কমিটি বছরের বাকি শনিবারগুলি ছুটি ঘোষণা করা যায় কি না, তা পর্যালোচনা করে দেখবে। আরও বিকল্প খতিয়ে দেখবে এবং গ্রাহক সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে এই বিষয়ে কথা বলবে।
বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এই আলোচনা বা কমিটি গঠনের অর্থ এই নয় যে অবিলম্বে সমস্ত ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিন কাজ ও শনি-রবিবার ছুটি ঘোষণা কর হচ্ছে। এই কমিটিকে কতদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, তার কোনও ডেডলাইন দেওয়া নেই।
