AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG সিলিন্ডারের পর দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, লিটার প্রতি নতুন দাম কত হল?

Premium Petrol-Diesel Price Hike: কেন্দ্রীয় সরকার এখনও সাধারণ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করতে দেয়নি। এর জন্য গত ২৭ মার্চ কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপরে অতিরিক্ত আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিতে লিটার প্রতি ১০ টাকা করে ছাড় ঘোষণা করেছে।  

LPG সিলিন্ডারের পর দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, লিটার প্রতি নতুন দাম কত হল?
পেট্রোল পাম্পে বিশাল লাইন।Image Credit: PTI
| Updated on: Apr 01, 2026 | 9:28 AM
Share

নয়া দিল্লি: যুদ্ধের আঁচ আরও প্রখর হচ্ছে। ইরান-আমেরিকার সংঘাতের জেরে ফের একবার দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের। পাশাপাশি এবার দাম বাড়ল জ্বালানিরও। পেট্রোল ও ডিজেল-উভয়েরই দাম বাড়ল। তবে সাধারণ পেট্রোল-ডিজেল নয়, প্রিমিয়াম জ্বালানিরই (Premium Fuel) লিটার প্রতি দাম একধাক্কায় ১১ টাকা বেড়েছে।   

জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েলের প্রিমিয়াম পেট্রোল- এক্সপি ১০০ পেট্রোল ও প্রিমিয়াম ডিজেল- এক্সট্রা গ্রিনের দাম  বাড়ানো হয়েছে। আগে এক্সপি ১০০ পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১৪৯ টাকা। বর্তমানে সেই দাম বাড়িয়ে লিটার প্রতি ১৬০ টাকা করা হয়েছে। উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েলের এক্সপি ১০০ ভারতের প্রথম ১০০ অক্টেন প্রিমিয়াম পেট্রোল, যা লাক্সারি গাড়ি ও সুপারবাইকের জন্যই মূলত ব্যবহৃত হয়।

পেট্রোলের পাশাপাশি প্রিমিয়াম ডিজেলের দামও বেড়েছে। এক্সট্রা গ্রিন- প্রিমিয়াম ডিজেল আগে ৯১.৪৯ টাকা দাম ছিল, এখন তা ৯২.৯৯ টাকা হয়ে গিয়েছে।

হঠাৎ প্রিমিয়াম জ্বালানি অর্থাৎ  প্রিমিয়াম পেট্রোল-ডিজেলের দাম কেন বৃদ্ধি করা হল, তা ব্যাখ্য়া করেনি ইন্ডিয়ান অয়েল। তবে মনে করা হচ্ছে যে বিশ্ববাজারে ক্রুড তেলের দাম বাড়ার কারণেই প্রিমিয়াম জ্বালানির দামও বাড়ানো হয়েছে।

এর আগে প্রায় দুই সপ্তাহ আগে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-ও প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়িয়েছিল। ৯৯.৮৭ টাকা থেকে দাম বেড়ে ১০১.৮৯ টাকা হয়েছিল।

প্রিমিয়াম পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও, কেন্দ্রীয় সরকার এখনও সাধারণ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করতে দেয়নি। এর জন্য গত ২৭ মার্চ কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপরে অতিরিক্ত আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিতে লিটার প্রতি ১০ টাকা করে ছাড় ঘোষণা করেছে।

এদিকে, এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে আজ। ইন্ডিয়ান অয়েলের ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১৯৫ টাকা বেড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৩০০ টাকা দাম বেড়েছে এলপিজি সিলিন্ডারের।

Follow Us