Sanitary Napkin at Rail Stations: মহিলাদের জন্য বিরাট উদ্যোগ রেলের, ফ্রি-তে পাবেন স্যানিটারি ন্যাপকিন
Indian Railways initiative: এই ভেন্ডিং মেশিন থেকে দিনে ২৪ ঘণ্টাই স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে এবং তার জন্য কোনও টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাচ্ছে স্যানিটারি ন্যাপকিন। এখন পর্যন্ত তিন কোটিরও বেশি ন্যাপকিন বিতরণ করা হয়েছে বলেই জানানো হয়েছে।

নয়া দিল্লি: ভারতীয় রেলওয়ের (Indian Railways) বিরাট পদক্ষেপ। মহিলা যাত্রীদের কথা মাথায় রেখে রেল স্টেশনগুলিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন (Sanitary Napkin Vending Machine) বসানোর পরিকল্পনা করা হয়েছে। এই ভেন্ডিং মেশিন থেকে মহিলারা বিনামূল্যেই স্যানিটারি ন্যাপকিন (Sanitary Napkin) দেওয়া হবে।
স্টেশনে পাওয়া যাবে স্য়ানিটারি ন্যাপকিন-
মহিলাদের ঋতুস্রাবের সময় যাতে ট্রেনে যাতায়াত করতে সমস্যা না হয়, তার জন্য স্টেশনে স্টেশনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা করা হয়েছে। এই লক্ষ্যে ইন্ডাস টাওয়ার্স নামক একটি সংস্থার সঙ্গে চুক্তিও হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসাবে প্রথম পর্যায়ে দেশজুড়ে বেশ কিছু রেল স্টেশনে ৫০০টি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। দিল্লি, লখনউ, আম্বালা, ফিরোজপুর এবং মোরাদাবাদ বিভাগের ১৭৫টি রেল স্টেশনে স্থাপন করা হয়েছে ভেন্ডিং মেশিন। এরপরে দেশের বাকি স্টেশনগুলিতেও এই ভেন্ডিং মেশিন বসানোর লক্ষ্য।
২৪ ঘণ্টাই পাওয়া যাবে ন্যাপকিন-
এই ভেন্ডিং মেশিন থেকে দিনে ২৪ ঘণ্টাই স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে এবং তার জন্য কোনও টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যাচ্ছে স্যানিটারি ন্যাপকিন।
ইন্ডাস টাওয়ার্স তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা সিএসআর (CSR) কর্মসূচিতে “নারী সম্মান”-এর অধীনে এই মেশিনগুলি চালু করেছে। এখন পর্যন্ত তিন কোটিরও বেশি ন্যাপকিন বিতরণ করা হয়েছে বলেই জানানো হয়েছে।
ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে “মাসিক স্বাস্থ্যবিধি প্রকল্প”-এর উদ্দেশ্যগুলির সঙ্গে সঙ্গতি রেখে এই কর্মসূচি চলছে। এই অত্যাধুনিক মেশিনগুলি প্রযুক্তির সাহায্যে কাজ করে। এগুলু ইন্টারনেট অব থিংস (IOT) প্রযুক্তির সঙ্গে যুক্ত। মেশিনে স্যানিটারি প্যাড শেষ হওয়ার আগেই, কন্ট্রোল রুমে সতর্কবার্তা পাঠানো হয়। এর ফলে স্টেশনে সব সময় প্যাডের জোগান বজায় রাখা সম্ভব। রেলওয়ের দাবি, এই কর্মসূচিটি মহিলাদের জন্য বিশেষ উপকারি হবে।
